হঠাৎ খেলার মাঠে

হঠাৎ খেলার মাঠে উপস্থিত হলেন চিত্রনায়ক ফেরদৌস। তবে খেলোয়াড় বা দর্শক হিসেবে নয়, ধারাভাষ্যকার হিসেবে। এবারই প্রথম বাংলাদেশি চলচ্চিত্রের এই নায়ককে ধারাভাষ্যকার হিসেবে দেখা গেল।
আজ শুক্রবার ঢাকার মিরপুর শেরেবাংলা আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের ম্যাচে হঠাৎ করেই দর্শকেরা ফেরদৌসকে ধারাভাষ্যকার হিসেবে দেখতে পান। কারণ জানতে চাইলে ফেরদৌস বলেন, ‘আজ ঢাকাসহ সারা দেশের অর্ধ শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আমার প্রযোজিত প্রথম ছবি এক কাপ চা। ছবিটির প্রচারণার অংশ হিসেবে ধারাভাষ্যকার হিসেবে মাঠে আমার হঠাৎ উপস্থিতি।’
আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে অল্প কিছু সময়ের জন্য ধারাভাষ্য দিতে পেরে ফেরদৌস নিজেও খুব উচ্ছ্বসিত। বললেন, ‘আমান আশরাফ আমার ছোটবেলার বন্ধু। এখন সে গাজী টিভিতে কাজ করছে। সেই আমাকে ছবির প্রচারণার অংশ হিসেবে মাঠে হাজির হয়ে ধারাভাষ্য দেওয়ার প্রস্তাব করে। আমারও তার প্রস্তাবটি দারুণ পছন্দ হয়। মৌসুমীর সঙ্গে যাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় শেষ পর্যন্ত যেতে পারেনি।’
বাংলাদেশ ও জিম্বাবুয়ে ম্যাচ চলাকালে কমেন্ট্রি বক্সে বসে ফেরদৌস এক কাপ চা ছবির গান, লোকেশন, কাহিনি, অভিনয়শিল্পী নিয়ে কথা বলেন। ক্রিকেটের সঙ্গে তাঁর সখ্যের কথাও বলেন এই অভিনয়শিল্পী। বললেন, ‘আমি বরাবরই ক্রিকেটপাগল মানুষ। সাকিব আল হাসান ও তামিম ইকবাল আমার প্রতিবেশী। আমরা একই এলাকায় থাকি। তাই এ দুজনের সঙ্গে প্রায়ই দেখা হয়। আমরা ক্রিকেট নিয়ে আলোচনা করি।’
ফেরদৌস এ-ও বলেন, ‘এক কাপ চা ছবিতে কিন্তু শিশুরা ক্রিকেট খেলছে—এমন দৃশ্য ব্যবহার করেছি। এ ছাড়া দেশের ক্রিকেট দলের জার্সি পরা অবস্থায় আমাকে গানে ঠোঁট মেলাতে দেখা যাবে। সব ক্রিকেটারের প্রতিও ছবিটি দেখার জন্য আহ্বান জানিয়েছি।’

এক কাপ চা ছবিটির আরও পরিকল্পনার কথা জানান ফেরদৌস। বললেন, ‘আমরা কাল থেকে ঢাকার রাস্তায় রোড শো করব। এ সময় ছবির অভিনয়শিল্পীদের অনেকেই থাকবেন। দর্শকদের সঙ্গে ছবি নিয়ে কথা বলব। পাশাপাশি চায়ের কাপ হাতেও আড্ডা জমবে, উপস্থিত দর্শকেরা পাবেন সেলফি তোলারও সুযোগ।’
শুধু তাই নয়, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও লন্ডনে এক কাপ চা ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন বলেও জানান ফেরদৌস।
বাংলাদেশ দল নিয়ে ফেরদৌসের আশাবাদ, ‘জাতীয় ক্রিকেট দল যেভাবে সারা পৃথিবী জয় করেছে, আমি চাই, দেশীয় চলচ্চিত্রও সেভাবে পৃথিবীজুড়ে ছড়িয়ে পড়ুক।’
এক কাপ চা ফেরদৌস প্রযোজিত প্রথম ছবি। বাসু চ্যাটার্জির গল্পে ছবিটি পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। ছবিটিতে ফেরদৌস, মৌসুমী ছাড়া অভিনয় করেছেন শাকিব খান, নিপুণ, রাজ্জাক, আলমগীর, ইমন, নিরব, আঁখি আলমগীর ও কলকাতার ঋতুপর্ণাসহ আরও একঝাঁক অভিনয়শিল্পী।