হঠাৎ ধারাভাষ্যকার ফেরদৌস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধারাভাষ্য দিচ্ছেন ফেরদৌস
ধারাভাষ্য দিচ্ছেন ফেরদৌস

হঠাৎ বাংলাদেশ-জিম্বাবুয়ে চতুর্থ ওয়ানডের মাঠে উপস্থিত হলেন চিত্রনায়ক ফেরদৌস। তবে খেলোয়াড় বা দর্শক হিসেবে নয়, ধারাভাষ্যকার হিসেবে।
গতকাল শুক্রবার ঢাকার মিরপুর শেরেবাংলা আন্তর্জাতিক স্টেডিয়ামে হঠাৎ করেই দর্শকেরা ফেরদৌসকে ধারাভাষ্যকার হিসেবে দেখতে পান। কারণ জানতে চাইলে ফেরদৌস বলেন, ‘আজ ঢাকাসহ সারা দেশের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আমার প্রযোজিত প্রথম ছবি এক কাপ চা। ছবিটির প্রচারণার অংশ হিসেবে ধারাভাষ্যকার হিসেবে মাঠে আমার হঠাৎ উপস্থিতি।’
আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে অল্প কিছু সময়ের জন্য ধারাভাষ্য দিতে পেরে ফেরদৌস নিজেও খুব উচ্ছ্বসিত। বললেন, ‘আমান আশরাফ আমার ছোটবেলার বন্ধু। এখন সে গাজী টিভিতে কাজ করছে। সে-ই আমাকে ছবির প্রচারণার অংশ হিসেবে মাঠে হাজির হয়ে ধারাভাষ্য দেওয়ার প্রস্তাব করে।’
বাংলাদেশ ও জিম্বাবুয়ে ম্যাচ চলাকালে ধারাবিবরণী বক্সে বসে ফেরদৌস এক কাপ চা ছবির গান, লোকেশন, কাহিনি, অভিনয়শিল্পী নিয়ে কথা বলেন। ক্রিকেটের সঙ্গে তাঁর সখ্যের কথাও বলেন এই অভিনয়শিল্পী। বললেন, ‘আমি বরাবরই ক্রিকেটপাগল মানুষ। সাকিব আল হাসান ও তামিম ইকবাল আমার প্রতিবেশী। আমরা একই এলাকায় থাকি। তাই এ দুজনের সঙ্গে প্রায়ই দেখা হয়। আমরা ক্রিকেট নিয়ে আলোচনা করি।’
বাংলাদেশ দল নিয়ে ফেরদৌসের আশাবাদ, ‘জাতীয় ক্রিকেট দল যেভাবে সারা পৃথিবী জয় করেছে, আমি চাই, দেশীয় চলচ্চিত্রও সেভাবে পৃথিবীজুড়ে ছড়িয়ে পড়ুক।’