১২২ প্রেক্ষাগৃহে 'আরও ভালোবাসব তোমায়'

শাকিব খান-পরীমনি জুটির প্রথম ছবি ‘আরও ভালোবাসব তোমায়’ অবশেষে মুক্তি পেতে যাচ্ছে। ছবিটি প্রদর্শিত হবে ১২২টি প্রেক্ষাগৃহে। খবরটি নিশ্চিত করেছেন ছবির প্রযোজক খোরশেদ আলম খসরু। গত ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও প্রেক্ষাগৃহ কম পাওয়ায় তানজীব ও টিওটি ফিল্মসের ব্যানারে নির্মিত ছবিটির প্রযোজনা সংস্থা পিছিয়ে আসে এবং মুক্তির জন্য নতুন তারিখ চূড়ান্ত করে।
ছবির পরিচালক এস এ হক অলিক বলেন, ‘দর্শক আবারও হলমুখী হয়েছে। গত ঈদে মুক্তি পাওয়া দুটি ছবির ব্যবসায়িক সাফল্য তাই বলে। এ কারণেই আমরা আশা করছি, ‘‘আরও ভালোবাসব তোমায়’’ ছবিটি দেখতে দর্শক হলে আসবে।’
অলিক আরও বলেন, ‘ভালো গল্প, ভালো গান, নির্মাণশৈলী ভালো হলে যেকোনো ছবিই দর্শককে প্রেক্ষাগৃহে আনতে সক্ষম। আমাদের ছবিটিও তাই। তার ওপর এ ছবির প্রধান আকর্ষণ শাকিব খান ও পরীমনি।’
এদিকে, গতকাল ৪ আগস্ট আনুষ্ঠানিকভাবে ‘আরও ভালোবাসব তোমায়’ ছবির গানগুলো সিডি আকারে বাজারে ছাড়া হয়। অডিও সিডিটি বাজারজাত করে জিরোনা বাংলাদেশ। অনুষ্ঠানে এর মোড়ক উন্মোচন করেন গুণী নির্মাতা আমজাদ হোসেন, চলচ্চিত্র ব্যক্তিত্ব নূর হোসেন দিলু, পরিচালক সোহানুর রহমান সোহান, মুশফিকুর রহমান গুলজারসহ ছবির নায়িকা পরীমনি, সংগতিশিল্পী হৃদয় খান, পড়শী প্রমুখ।
‘আরও ভালোবাসব তোমায়’ ছবির চারটি গান লিখেছেন এস এ হক অলিক। আরেকটি গান লিখেছেন কবির বকুল। সুর করেছেন ইমন সাহা, হাবিব ও হৃদয় খান। গান গেয়েছেন এস আই টুটুল, হাবিব, হৃদয়, কিশোর, কোনাল, ইমরান, পড়শী ও লেমিস।