২৭ বছর পর এফডিসিতে 'নতুন মুখের সন্ধানে'

এফডিসি কর্তৃপক্ষ নয়, এবার চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে শুরু হতে যাচ্ছে চলচ্চিত্রে নতুন শিল্পী খোঁজার আয়োজন ‘নতুন মুখের সন্ধানে’। তবে চলচ্চিত্র পরিচালক সমিতিকে এ আয়োজনে সার্বিক সহযোগিতা করবে এফডিসি কর্তৃপক্ষ। আগামী মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে এ প্রতিযোগিতার বিস্তারিত ঘোষণা করা হবে।
১৯৮৪ সালে এফডিসির উদ্যোগে নতুন মুখের সন্ধানে প্রথম প্রতিযোগিতা শুরু হয়। চলে ১৯৯০ সাল পর্যন্ত। প্রায় ২৭ বছর ধরে এই আয়োজন বন্ধ আছে। নতুন করে এ আয়োজন শুরুর ব্যাপারে ১৮ ফেব্রুয়ারি পরিচালক সমিতির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এসব তথ্য দিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত মহাসচিব বদিউল আলম খোকন। তিনি বলেন, ‘দেশের বিভাগীয় শহরগুলো থেকে এই আয়োজন শুরু হবে। যেহেতু এটি একটি বড় আয়োজন, তাই সময় নিয়ে করতে হবে। আশা করছি ১৫ মার্চ ঘোষণা দিতে পারব কবে থেকে এই শিল্পী অন্বেষণ শুরু হবে।’
এত বছর পর কেন এই শিল্পী অন্বেষণ? চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘এত দিন এফডিসি কর্তৃপক্ষের দিকে তাকিয়ে ছিলাম। তারা উদ্যোগ নেয়নি। আর প্রক্রিয়াটি অনেক বড় হওয়ায় আমরাও এটি আয়োজনের সাহস করে উঠতে পারিনি। তবে এবার এফডিসি কর্তৃপক্ষ আমাদের বড় রকমের সহযোগিতা করতে রাজি হয়েছে বলে উদ্যোগটি নেওয়ার সাহস করলাম।’
বর্তমান প্রেক্ষাপটে এই প্রতিযোগিতার প্রয়োজনীয়তার কথা বোঝাতে গিয়ে গুলজার বলেন, ‘অনেক ছেলেমেয়ে সিনেমায় অভিনয়ের স্বপ্ন পূরণ করতে গিয়ে একশ্রেণির দালালের হাতে প্রতারিত হচ্ছে। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে সেই প্রতারণা বন্ধ করা যাবে। আর আমরাও কিছু ভালো শিল্পী পাব বলে আশা করছি।’ শুধু নতুন শিল্পী এলেই কি চলচ্চিত্রের বর্তমান খরা কেটে যাবে, জানতে চাইলে গুলজার বলেন, ‘সেটা হয়তো কাটবে না। গল্প, উপস্থাপনাও ভালো হতে হবে। সেটা পরের কাজ। আগে শিল্পী লাগবে।’
এফডিসির আয়োজনে করা নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মধ্য দিয়ে চলচ্চিত্রজগৎ পেয়েছে দিতি, মান্না, মিশা সওদাগর, অমিত হাসান, সোহেল চৌধুরী, আমিন খানের মতো শিল্পীদের। তাই এই প্রক্রিয়ার মধ্য দিয়েই অভিনয়ে আসা মিশা সওদাগর এবারের আয়োজকদের নতুন উদ্যোগটি নেওয়ার জন্য সাধুবাদ জানালেন। বললেন, ‘আমরা অনেকেই এফডিসির উদ্যোগে তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে নতুন মুখের প্রতিযোগিতায় এসেছিলাম। এবারও তথ্য মন্ত্রণালয় সক্রিয়ভাবে এই উদ্যোগের সঙ্গে থাকলে ভালো হবে।’
এদিকে এই আয়োজনের শুরুটা এফডিসি কর্তৃপক্ষ করলেও এখন কেন করছেন না, জানতে চাইলে এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ বলেন, ‘আমরা তো এবারও এই উদ্যোগের সঙ্গে সরাসরি জড়িত। সহযোগিতা করব। উদ্যোগ নেওয়া আর সহযোগিতা করা একই কথা।’