সিঙ্গাপুরে টানা ২১ দিন চিকিৎসা শেষে গত শুক্রবার সেখানকার স্থানীয় একটি হোটেলে উঠেছেন বরেণ্য অভিনেতা ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক। শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তবে এ মাসের পুরো সময়টা তাঁকে সেখানকার চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে হবে। সিঙ্গাপুর থেকে শনিবার সন্ধ্যায় শারীরিক অবস্থা, চলচ্চিত্রসহ নানা বিষয় নিয়ে তিনি কথা বলেন প্রথম আলোর সঙ্গে
প্রশ্ন :
হাসপাতাল থেকে ফেরার পর কেমন আছেন?
শরীরটা সার্বিকভাবে দুর্বল। এই কারণে চিকিৎসকেরা আমাকে বাংলাদেশে যেতে দিচ্ছেন না। সিঙ্গাপুরের পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক আমাকে সার্বক্ষণিক দেখভাল করছেন।
প্রশ্ন :
খাওয়াদাওয়া ঠিকমতো করতে পারছেন?
আমার স্ত্রী হোটেলে রান্না করে। তাঁর হাতের ডাল আর মুরগি খুব ভালো লাগে। দেশের বাইরে থেকে ঢাকায় গেলে অবশ্য সে সব রান্না ভুলে যায় (হাসি)। তবে সে খুবই সুইট একজন নারী, ভেরি সুইট। অনেক বেশি ভালোবাসে আমাকে, অনেক ভালোবাসে।
প্রশ্ন :
অসুস্থতার সময়ে হাসপাতালে একা ছিলেন। একা থাকলে নানা চিন্তা হয়। আপনার হয়েছিল?
মানুষের জীবনটা অনেক মূল্যবান। আবার মনে হয়, মানুষের জীবনের কোনো মূল্য নেই। পৃথিবীতে মানুষ এমন কিছু কাজ করে যায়, কোনো কলমই তা মুছে ফেলতে পারে না। আরও অনেক কিছু মনে পড়েছে। হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে থাকতে শুনেছি, হাজার হাজার মানুষ দুই হাত তুলে আমার সুস্থতার জন্য দোয়া চাইছে। আবার এ–ও শুনছি, কেউ কেউ স্যুটেড-বুটেড তৈরি হচ্ছে, কারণ গুলশানের আসনে তো আর ফারুক থাকছেন না, এখানে আমিই থাকব। আরে বোকা রে, কে যে কখন কোথায় থাকেন, তা তো একমাত্র ওপরওয়ালাই জানেন। ভেবেছি, এই জীবনে কত মানুষের উপকার করলাম, বিনিময়ে কী পেলাম? সিদ্ধান্ত নিয়েছি, কেউ আমার যত অমঙ্গল কামনা করুক, আমি তার মঙ্গল কামনা করব।
প্রশ্ন :
অনেক দিন ধরে আপনি অভিনয়ে নেই। অবসরে চলে গেলেন?
অভিনয় থেকে পরোক্ষভাবে অবসর নিয়েছি। আমি তো ধড়িবাজ লোক নই, সবকিছু স্ট্রেট বলে দিই। অনেকে জানতে চান অভিনয় করব কি না। কিন্তু কী অভিনয় করব? আমার অভিনয়জীবনে পাওয়া ৮০ ভাগ টাকা শিল্পীদের জন্য খরচ করেছি, কোথাও আমি বলি না। কিন্তু ইদানীং তোমরা পাঁচ হাজার টাকা সাহায্য দিয়ে ছবি তুলে ফেসবুকে দাও। এটাই কি নিয়ম? শিল্পীদের এভাবে ছোট করার মানে কী! এমন যদি চলতে থাকে আর ওদিকটায় পা–ও বাড়াব না।
প্রশ্ন :
পরিবেশ যদি ঠিক হয় তাহলে কি আবার আসবেন?
আমার তো মনে হয়, হাজার কাজের চাপ থাকলেও অভিনয়টা ধরে রাখতে চাইব। এবারও যত দিন হাসপাতালে ছিলাম, কত ছবি দেখলাম আর ভাবলাম, আমি আসলে কী করছি! যে সব বিখ্যাত হিরোর ভক্ত ছিলাম, তাঁদের অনেক ছবি দেখলাম। কী অসাধারণ অভিনয়! অথচ হায় রে আমাদের ছবি, হায় রে ফিল্ম ইন্ডাস্ট্রি। আমার জীবনের একটা সাধ ছিল, হলিউডের একটি ছবি বাংলায় রূপান্তর করব। আমি অভিনয়ও করব। বহুদিনের লালিত স্বপ্ন। ৪০ বছর আগের সেই সাধ এখনো পূরণ হয়নি।
প্রশ্ন :
কেউ আপনার কাছে অভিনয়ের প্রস্তাব নিয়ে আসেনি?
অনেকেই বলে, প্রায়ই বলে, ফারুক ভাই একটা ছবি করে দেবেন? শুনে মনে হয়, ঠাট্টা করছে। কারণ একটা ছবিতে অভিনয় করানোর মানসিকতা থাকলে তাঁকে তো সেভাবেই আসতে হবে। সিনেমা বানানোকে তারা ছেলেখেলা মনে করে। সিনেমা যে কী? আমরা কার সঙ্গে চলেছি, ফিরেছি, কথা বলেছি, তারা কীভাবে আমাদের গল্প বুঝিয়েছে, শুরুটা করত কত সুন্দর—কী চমৎকারভাবে গল্পে ইনভলব করাত। গল্প শুনে শিল্পীও ইনভলব হয়ে যেত। এরপর পরিচালক বলত, ফারুক ভাই, গল্পটা কেমন লাগল? আমার মতে, একটা ছবির মূল বিষয় হচ্ছে গল্প, এটাই যদি না থাকে, সেই ছবি কোনো দিন চলবে না। দর্শকহৃদয়ে টিকে থাকবে না।
প্রশ্ন :
অভিনয় না করলেও ছবি প্রযোজনা তো করতে পারেন ...
ইচ্ছা তো করে। কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে পরিকল্পনা হারিয়ে যায়। প্রায়ই ইচ্ছা করে ক্যামেরার আশপাশে যেতে।
প্রশ্ন :
এই মুহূর্তে যদি ছবি প্রযোজনা করেন, তাহলে নায়ক-নায়িকা হিসেবে কে থাকবেন?
খুঁজে নেব। আমি কখনো ভাবব না একে অথবা তাকে নিতে হবে। ছবির গল্পে যাঁকে মানানসই মনে হবে, তাঁকেই নেব।
শাকিব আমার আদরের ছোট ভাই, তাই তাকে দুটো কথা বলতে পারি। আমার মনে হয় সে একটু স্টিভ, তাকে অনেক ফ্লেক্সিবল হতে হবে। একটু চেষ্টা করলেই ওর দ্বারা সম্ভব। আরেকটা কথা, চলচ্চিত্র আমাদের ঘর, যে ঘরে আমরা বাস করি, সে ঘরের খুঁটিকে আমাদের ঠিকঠাক করে চলা উচিত।
প্রশ্ন :
ঢালিউডে এখন যাঁরা অভিনয় করছেন, তাঁদের মধ্যে কারা আপনার ভালো লাগার। কাদের কাজ আনন্দিত করে?
এখন যারা কাজ করছে, তাদের মধ্যে অনেক ভালো অবস্থানে যাওয়ার ক্ষমতা একমাত্র শাকিবের। কারণ, ওর সবচেয়ে বড় সুবিধা, সে অনেক যশখ্যাতি অর্জন করেছে। দর্শক তাকে ভালোভাবে গ্রহণ করেছে। এখন তার ফিটনেসের দিকে একটু বেশি নজর দিতে হবে। শাকিব আমার আদরের ছোট ভাই, তাই তাকে দুটো কথা বলতে পারি। আমার মনে হয় সে একটু স্টিভ, তাকে অনেক ফ্লেক্সিবল হতে হবে। একটু চেষ্টা করলেই ওর দ্বারা সম্ভব। আরেকটা কথা, চলচ্চিত্র আমাদের ঘর, যে ঘরে আমরা বাস করি, সে ঘরের খুঁটিকে আমাদের ঠিকঠাক করে চলা উচিত। কিন্তু শাকিবের সঙ্গে অনেকেই হিংসা করে, কী জানি একটা থাকে। অবশ্য আমাদের সময়েও অবশ্য ছিল, কিন্তু আমরা উতরে গেছি নিজেদের যোগ্যতা দিয়ে। এখন যোগ্যতার প্রশ্ন নেই, সবাই শাকিবকে টেনে নামাতে চায়।
প্রশ্ন :
কারা এমনটা করে, নাম বলবেন কি?
তাদের নাম বলতে চাই না। আমি তাদের এত বলি, তারপরও কেন জানি শুনে না। কিন্তু তাদের বোঝা উচিত নতুন কাপড় পরে, ঝিকিমিকি জিনিস লাগিয়ে কেউ দাঁড়িয়ে থাকলে, সে কখনো হিরো হতে পারে না। বড়জোর সে হতে পারে বড়লোকের ছেলে, জনগণের মনের নায়ক হওয়া অন্য জিনিস। পোজ দিয়ে দাঁড়িয়ে থাকলাম, কারণটা কী? হোয়াট ফর? কেনই–বা আমি ওভাবে দাঁড়াব। ওভাবে দাঁড়ানোর পেছনে আমার পারফরম্যান্স তো থাকতে হবে।