৮০ হলে আসছে 'এই তো প্রেম'

‘আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই’—এই তো প্রেম ছবির এই গানটি গেয়েছেন হাবিব ও ন্যান্সি। ২০০৯ সালে গানটি প্রকাশের পরপরই ব্যাপক শ্রোতাপ্রিয়তা পায়। বলা যায়, গানটির জনপ্রিয়তার কারণেই এই তো প্রেম নিয়ে চলচ্চিত্রপ্রেমী দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। কিন্তু ছবির শুটিং শেষ করতে অনেক বেশি সময় নিয়ে নেন এর নির্মাতা সোহেল আরমান। একটা সময়ে শুটিং শেষ হলেও ছবিটির মুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। অবশেষে সেই অনিশ্চয়তার মেঘ কেটে গেছে। ছয় বছরের অপেক্ষার পর মুক্তি পাচ্ছে এই তো প্রেম। সোহেল আরমান নিশ্চিত করেছেন, আগামীকাল শুক্রবার সারা দেশের ৮০টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।
সোহেল আরমান বলেন, ‘প্রথম সপ্তাহে আমরা ৮০টি হল পেয়েছি। পরের সপ্তাহে তা ১০০ ছাড়িয়ে যাবে। আমি ছবিটির সাফল্যের ব্যাপারে যথেষ্ট আশাবাদী। যতই সময় যাচ্ছে, ততই ভালো লাগছে। পাশাপাশি একটা মানসিক চাপও কাজ করছে। আমার বিশ্বাস, ছবিটিতে যে ধরনের উপাদান আছে, তা সব বয়সী দর্শকের ভালো লাগবে। আমি খুব যত্ন নিয়ে ছবিটির কাজ করেছি।’
সোহেল আরমান এ–ও বলেন, ‘এমনিতেই ছবিটির মুক্তির সময় বিবেচনা করলে অনেকটাই দেরি হয়ে গেছে। তবে আমরা এখন চিন্তামুক্ত। ছবিটি নিয়ে দর্শকদের যে পরিমাণ আগ্রহ তৈরি হয়েছে, তা আমাকে সত্যিই মুগ্ধ করেছে। এটা নিশ্চিত করে বলতে পারি, ছবিটি নিয়ে দর্শকেরা যে অপেক্ষা করেছেন, তার ফল তাঁরা পাবেন। ছবিটি তাঁদের নিরাশ করবে না।’
এই তো প্রেম মুক্তি পেতে এত দেরি হওয়ার কারণ জানতে চাইলে সোহেল আরমান বলেন, ‘ছবির গল্পের প্রয়োজনে কেবল শীতকালে এর শুটিং করতে চেয়েছি। এ ছাড়া ঢাকা, রাজশাহী, মানিকগঞ্জসহ দেশের অন্তত ২৫টি লোকেশনে শাকিব খানের মতো জনপ্রিয় একজন তারকাকে নিয়ে শুটিং করেছি। শাকিব খানকে নিয়ে এত বেশি জায়গায় শুটিং করাটা কিন্তু চাট্টিখানি কথা নয়। শুটিং লোকেশনে তাঁকে দেখতে অসংখ্য মানুষের ভিড় সামলাতে আমাদের হিমশিম খেতে হয়েছে। এ জন্য শুটিং কিছুটা বাধাগ্রস্ত হয়েছে।’
সোহেল আরমান আরও বলেন, ‘ছবিটির শুটিং করেছিলাম ৩৫ মি.মি. ক্যামেরায়। পরে ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করতে অনেক সময় লেগে যায়। সবকিছু মিলিয়ে ছবি মুক্তি দিতে দেরি হয়েছে।’
এই তো প্রেম ছবির প্রধান দুই অভিনয়শিল্পী হলেন শাকিব খান ও বিন্দু।