'অন্যরকম' ফেরদৌস

নতুন একটি ছবির শুটিংয়ে অংশ নিতে গত সপ্তাহে বান্দরবানে গেছেন চিত্রনায়ক ফেরদৌস। থাকতে হবে আরও তিন দিন। আকা রেজা গালিব পরিচালিত এ ছবির নাম ‘কালের পুতুল’। প্রথম আলোর সঙ্গে আলাপে ফেরদৌস বললেন, ‘দীর্ঘ চলচ্চিত্র জীবনে অনেক ছবিতেই অভিনয় করেছি। কিন্তু এই ধরনের গল্পের ছবিতে আমার আগে কখনোই কাজ করা হয়নি। এখন হয়তো বললে বেশি মনে হবে। কিন্তু আমার অভিজ্ঞতা থেকে বলব, একদম বাড়িয়ে বলছি না। নতুন এই ছবিটা সত্যিই ‘অন্যরকম’ কিছু একটা হতে যাচ্ছে।’
এই ‘অন্যরকম’ বিষয়টি কেমন জানতে চাইলে ফেরদৌস বলেন, পুরো গল্পটা এখন বলা যাবে না। এটুকুই শুধু বলব, এখানে আমাকে একজন খুনির চরিত্রে দেখা যাবে। একটা খুনের পর আমাকে নিয়ে রহস্য তৈরি হবে। আর এরপর ঘটতে থাকবে আরও নানা ঘটনা। এভাবেই নানা ঘটনার মধ্য দিয়ে ‘কালের পুতুল’ ছবির গল্প এগোতে থাকবে।’ নতুন এই ছবিটি নিয়ে বেশ আশাবাদী ফেরদৌস।
‘কালের পুতুল’ ছবিতে ফেরদৌসের বিপরীতে অভিনয় করছেন এ প্রজন্মের দুই অভিনয়শিল্পী মুন ও বীথি। তাঁরা দুজনেই বিজ্ঞাপনচিত্র ও টিভি নাটকে কাজ করেছেন।
সহশিল্পী প্রসঙ্গে ফেরদৌস বলেন, এ ছবিতে আসলে সে অর্থে কোনো ‘নায়িকা’ নেই। বলতে পারেন গল্পটাই ছবির আসল নায়ক-নায়িকা।’
এদিকে, ফেরদৌস সাম্প্রতিক যৌথ প্রযোজনার একটি ছবির কাজ শেষ করলেন। ছবির নাম ‘ছেড়ে যাস না’। ছবিটি পরিচালনা করেছেন ঢাকার নঈম ইমতিয়াজ নেয়ামূল ও কলকাতার তপন চক্রবর্তী।