'আনন্দ মেলা'য় ফেরদৌস-জয়া

একাধিক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া ‘গেরিলা’ চলচ্চিত্রে দুজন অভিনয় করলেও প্রথমবারের মতো একসঙ্গে নাচলেন ফেরদৌস ও জয়া। এবারের বিটিভির ঈদ ‘আনন্দ মেলা’য় একসঙ্গে দেখা যাবে জনপ্রিয় এই দুই অভিনয়শিল্পীকে।
কথা প্রসঙ্গে ফেরদৌস বলেন, জয়া সুঅভিনেত্রী। তার সঙ্গে বেশ কিছু কাজ করা হয়েছে। তবে কখনোই একসঙ্গে নাচ করিনি। এ অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবারের মতো আমি আর জয়া একসঙ্গে নাচলাম। আমাদের দুজনের অভিনীত চলচ্চিত্র থেকে নির্বাচিত তিনটি গান নিয়ে একটি মেডলি করা হয়েছে। এই মেডলির ওপর কোরিওগ্রাফি। আসলে মিউজিক ভিডিওর আদলে এটি নির্মাণ করা হয়েছে।
ফেরদৌস জানালেন, পুরো মিউজিক ভিডিওটির নির্দেশনা দিয়েছেন কৌশিক হোসেন তাপস।
ঈদ আনন্দ মেলায় অংশগ্রহণ প্রসঙ্গে জয়া বলেন, আসলে এ অনুষ্ঠানের যিনি উপস্থাপক, তাঁর অনুরোধেই কাজটি করেছি। আর ফেরদৌসের সঙ্গে কাজ করার মজাই আলাদা। কাজে সহযোগিতার ব্যাপারে তিনি ভীষণ আন্তরিক। জানা গেছে, গত রবিবার বিটিভির থিয়েটার অডিটোরিয়ামে শুটিং সম্পন্ন হয়েছে।
এবারের ‘আনন্দ মেলা’ উপস্থাপনা করছেন আবেদ খান। অনেক বছর আগে তিনি একবার ‘আনন্দ মেলা’ উপস্থাপনা করেছিলেন। ‘আনন্দ মেলা’ প্রযোজনা করছেন মাহফুজা আক্তার। এটি প্রচারিত হবে ঈদের রাতে।