'আয়নাবাজি' পাইরেসির দায়ে গ্রেপ্তার এক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আয়নাবাজি’ ছবির পোস্টার
‘আয়নাবাজি’ ছবির পোস্টার

‘আয়নাবাজি’ সিনেমার পাইরেসি চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ। গ্রেপ্তার ব্যক্তির নাম আতিকুর রহমান। গত রাতে বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে পাইরেসির কাজে ব্যবহৃত একটি সার্ভার ও দুটি হার্ডডিস্ক উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব তথ্য জানান উপপুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।
গত ৩০ সেপ্টেম্বর ঢাকাসহ সারা দেশে মুক্তি পায় অমিতাভ রেজার প্রথম সিনেমা ‘আয়নাবাজি’। মুক্তির পর দর্শক মহলে দারুণ সাড়া জাগায় ছবিটি। মুক্তির প্রায় তিন সপ্তাহ পরেই ছবিটি পাইরেসির শিকার হয়। পাইরেসির অভিযোগের ভিত্তিতে কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার ক্রাইম টিম বিষয়টি অনুসন্ধানে মাঠে নামে। ডিএমপির ফেসবুক পেজে পাইরেসিকারীদের বিষয়ে তথ্যও আহ্বান করেছিল তারা। পরে সিটি সাইবার ক্রাইম ইউনিটের একটি দল বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে।

সিটি ইউনিটের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃত আতিকুর রহমান বাড্ডায় ইন্টারনেট সেবা সরবরাহের ব্যবসা করেন। তাঁর গ্রাহকসংখ্যা প্রায় দুই হাজার। নিজস্ব ডোমেইনে এফটিপি সার্ভার ব্যবহার করে ডাউনলোডের জন্য গ্রাহকদের নতুন-পুরোনো ছবি পরিবেশন করে থাকেন গ্রেপ্তার আতিকুর রহমান।