'একটি সিনেমার গল্প'তে কিছু পরিবর্তন

চিত্রনায়ক আলমগীরের পরিচালনায় একটি সিনেমার গল্প ছবিতে বেশ কিছু পরিবর্তন এসেছে। পরিবর্তনগুলো হলো ছবিটি যৌথ প্রযোজনায় আর নির্মাণ করা হচ্ছে না। আইকন এন্টারটেইনমেন্টের ব্যানারে এককভাবে ছবিটি তৈরি হবে। শুরুতে ছবিতে অভিনয়ের কথা ছিল ভারতের প্রসেনজিৎ, পাওলি দাম এবং বাংলাদেশের পূর্ণিমার। কিন্তু নতুন খবর হলো, প্রসেনজিৎ নন, সেই চরিত্রটিতে অভিনয় করবেন আলমগীর নিজেই। এসব তথ্য দিয়েছেন ছবির পরিচালক নায়ক আলমগীর।

নতুন খবরগুলো দিতে গিয়ে আলমগীর বলেন, ‘যৌথ প্রযোজনায় ছবি করা থেকে সরে এসেছি। আমার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান আইকন এন্টারটেইনমেন্ট থেকে কাজটি হবে। আর যে সময় ছবির শুটিং হবে, সেই সময়ের সঙ্গে প্রসেনজিতের শিডিউল মিলছে না। এ জন্য চরিত্রটি আমি নিজেই করছি।’ ছবিতে পূর্ণিমা ও পাওলি দামের না থাকার বিষয়ে আলমগীর বলেন, যেহেতু প্রসেনজিৎ কাজ করতে পারছেন না, তাই পাওলি দাম ও পূর্ণিমাও এই ছবিতে থাকছেন না।
এই ছবিতে অভিনয়ের জন্য আগেই চুক্তিবদ্ধ হয়েছিলেন আরিফিন শুভ। সিনেমাপাড়ায় গুঞ্জন উঠেছিল, শুভকে রেখে শাকিবকে নিয়ে ছবির শুটিং শুরু করবেন আলমগীর। এমন খবরে অবাক হয়েছেন এই অভিনেতা ও নির্মাতা। তিনি বলেছেন, ‘এমন গুঞ্জন শুনে আমি খুবই মর্মাহত। শুভর সঙ্গে আমার চুক্তি হয়েছে। তাঁকে বাদ দিয়ে কেন শাকিবকে নেব? এটি একটি বিভ্রান্তিমূলক খবর। শুভই আমার ছবিতে অভিনয় করছেন।’
একটি সিনেমার গল্প ছবির আরেকটি নতুন খবর দিলেন আলমগীর। জানালেন, গত মাসে ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ভারতের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
আলমগীরের বিপরীতে কে অভিনয় করছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এমন একজনকে নিচ্ছি, চমক হতে পারে। তাঁর সঙ্গে কথাবার্তা হয়েছে। তবে চুক্তি হয়নি এখনো। তাই এখনই নাম বলব না।’ পরিচালক জানান, আগামী ৭ সেপ্টেম্বর শুটিং শুরু হবে। শুটিং হবে বাংলাদেশের বিভিন্ন স্থানে।
উল্লেখ্য, এর আগে ছবিটি যৌথভাবে আইকন এন্টারটেইনমেন্ট ও ভারতের এসকে মুভিজের তৈরি করার কথা ছিল।