'কেলোর কীর্তি'র বিরুদ্ধে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবব​ন্ধনে অংশ নেওয়া চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও শিল্পীরা l ছবি: প্রথম আলো
মানবব​ন্ধনে অংশ নেওয়া চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও শিল্পীরা l ছবি: প্রথম আলো

দেশের প্রায় ৪০টি প্রেক্ষাগৃহে গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে কলকাতার বাংলা ছবি ‘কেলোর কীর্তি’। এই ছবির প্রদর্শনী ঠেকানোর জন্য পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে গতকাল দুপুরে চলচ্চিত্রসংশ্লিষ্ট লোকজন মানববন্ধন করেন জাতীয় প্রেসক্লাবের সামনে। তবে মানববন্ধনে চলচ্চিত্রজগতের তেমন কোনো উল্লেখযোগ্য তারকা উপস্থিত ছিলেন না।
নীতিমালা না মেনে এ দেশে কলকাতার বাংলা ছবির প্রদর্শনী ঠেকাতে মানববন্ধনে চলচ্চিত্রের বিভিন্ন শাখার নেতারা বক্তব্য দেন। পরিচালক সমিতির সভাপতি দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘এ দেশে ভিনদেশি চলচ্চিত্র প্রদর্শন করতে হলে নীতিমালা মেনেই তা করতে হবে। তাদের নতুন ছবি এখানে চলবে, আর আমাদের পুরোনো ছবি নিয়ে গিয়ে পানিতে ফেলে দেওয়া হবে, তা মেনে নেওয়া হবে না।’
এ সময় আরও বক্তব্য দেন পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহান, শিল্পী সমিতির সহসভাপতি ওমর সানী, অভিনেতা রুবেল প্রমুখ। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন পরিচালক আমজাদ হোসেন, বদিউল আলম খোকন, রাজু আহমেদ, নজরুল ইসলাম; অভিনেতা জায়েদ খান প্রমুখ।
প্রদর্শনীর সব প্রস্তুতি নিয়েও হুমকির মুখে ঢাকার চারটি হল থেকে ‘কেলোর কীর্তি’ ছবিটি নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রেক্ষাগৃহগুলো হলো বলাকা, শ্যামলী, আনন্দ ও এশিয়া। এ ব্যাপারে ‘কেলোর কীর্তি’ ছবির আমদানিকারক প্রতিষ্ঠান আরাধনা এন্টারপ্রাইজের উপদেষ্টা বিজয় খেমকা বলেছেন, ‘গত বৃহস্পতিবার রাতে ওই সব হলের মালিকেরা আমাকে ফোনে ছবিটি চালানোর বিষয়ে অপারগতার কথা বলেছেন।’
বিজয় খেমকা দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমরা নিয়ম মেনেই কাজটি করেছি বলে ছবিটি মুক্তি দিতে পেরেছি। কিন্তু ছবিটি নিয়ে পদে পদে বাধা দেওয়াটা দুঃখজনক।’