'গহীন বালুচর' সিনেমার গানের মেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহখানেক আগে ইউটিউবে মুক্তি পেয়েছে ‘গহীন বালুচর’ সিনেমার ‘ভালোবাসায় বুক ভাসায়ে’ গানটি। বাপ্পা মজুমদার ও দিনাত জাহান মুন্নীর গাওয়া গানটি এরই মধ্যে প্রশংসায় ভাসিয়েছে দর্শক-শ্রোতাদের। আজ শনিবার আর একটি গান নয়, একসঙ্গে সবগুলো গানের অডিও প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডের একটি রেস্তোরাঁয় বদরুল আনাম সৌদের সিনেমার গানের অডিও অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে বসে তারার মেলা।

মাসখানেকের মধ্যেই মুক্তি পেতে যাচ্ছে সুবর্ণা মুস্তাফা অভিনীত নতুন সিনেমা ‘গহীন বালুচর’। সিনেমাটি নিয়ে জোরেশোরে প্রচারণা শুরু করেছেন সংশ্লিষ্ট সবাই। সেই ধারাবাহিকতায় আজ ছিল গানের অডিও অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান।

‘গহীন বালুচর’ সিনেমার প্রকাশনা অনুষ্ঠানে অতিথিরা
‘গহীন বালুচর’ সিনেমার প্রকাশনা অনুষ্ঠানে অতিথিরা

গানের প্রকাশনা অনুষ্ঠানে সুবর্ণা ও সৌদের আমন্ত্রণে এসেছেন ফেরদৌস, তৌকীর আহমেদ, চিত্রলেখা গুহ, উত্তম গুহ, ওয়াহিদা মল্লিক জলি, অনিমেষ আইচ, আজাদ আবুল কালাম ও ভাবনা। সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট অভিনয়শিল্পীদের মধ্যে ছিলেন জিতু আহসান, শাহাদাৎ, শর্মীমালা, নীলা, তানভীর ও মুন।

পরিচালনার পাশাপাশি ‘গহীন বালুচর’ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন, গান লিখেছেন এবং সম্পাদনার কাজ করেছেন সৌদ। তিনি বলেন, ‘আমি প্রথম যেদিন সিনেমাটির কাজ শুরু করেছিলাম, সেদিন যেমন নার্ভাস ছিলাম, আজও একই অবস্থা। সবাইকে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার আহ্বান জানাচ্ছি।’

‘গহীন বালুচর’ সিনেমার প্রকাশনা অনুষ্ঠানে সুবর্ণা মুস্তাফা ও অনিমেষ আইচ
‘গহীন বালুচর’ সিনেমার প্রকাশনা অনুষ্ঠানে সুবর্ণা মুস্তাফা ও অনিমেষ আইচ

সিনেমাটির অন্যতম অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা বলেন, ‘আমি কয়েকটি সিনেমায় কাজ করেছি। দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতায় এটুকু বলতে পারি, ‘গহীন বালুচর’ সিনেমা খুব ভালো হয়েছে। ফটোগ্রাফি, গান, সম্পাদনা, দারুণ হয়েছে। সবাই খুব ভালো অভিনয় করেছেন। লোকেশন খুব সুন্দর। বাকিটা নির্ভর করছে দর্শকদের ওপর।’

‘গহীন বালুচর’ সিনেমার সবগুলো গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। পাশাপাশি সিনেমার আবহ সংগীতের কাজও করেছেন তিনি। সিনেমার অন্য গানগুলোতে কণ্ঠ দিয়েছেন চন্দন সিনহা, সাব্বির, লিজা ও ঐশী।