'গুডমর্নিং লন্ডন' নিয়ে লন্ডনে মিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিম
মিম

‘গুডমর্নিং লন্ডন’ ছবির কাজের জন্য যুক্তরাজ্যের লন্ডনে গেলেন মিম। আজ সকালের ফ্লাইটে লন্ডনের উদ্দেশে তিনি ঢাকা ছাড়েন।

ছবিটির পরিচালক অভিনয়শিল্পী তানিয়া আহমেদ। পরিচালক, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের একটি বড় ইউনিট এই দলের সদস্য।

মিম বলেন, ‘এই ছবির গল্পটিই অন্যরকম। ছবির জন্য আমাকে অনেক ধরনের প্রস্তুতি নিতে হয়েছে। চুলের স্টাইলে বড় পরিবর্তন এনেছি। এই লুকে আমাকে দেখে অনেকে শুরুতে ধাক্কা খেয়েছেন। পরে সবকিছু বুঝিয়ে বলার পর তাঁরা আমার স্টাইলের প্রশংসা করেছেন।’

‘গুডমর্নিং লন্ডন’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের পরিচালক (বিপণন) ইবনে হাসান খান বলেন, ‘একসময় তানিয়ার হাত ধরে অসংখ্য ছেলেমেয়ে মডেলিংয়ের সঙ্গে যুক্ত হয়েছে। কোরিওগ্রাফার হিসেবে তাঁর যথেষ্ট খ্যাতি রয়েছে। তিনি নাটক পরিচালনার সঙ্গে যুক্ত আছেন। যথেষ্ট অভিজ্ঞ। এসব কারণেই আমরা তানিয়াকে দিয়ে ‘‘গুডমর্নিং লন্ডন’’ ছবি পরিচালনার কাজটি করছি।’

তানিয়া আহমেদ বলেন, ‘প্রত্যেক মানুষেরই স্বপ্ন থাকে। ইমপ্রেস সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে পাশে এসে দাঁড়ায়।’

‘গুডমর্নিং লন্ডন’ ছবির প্রায় পুরো কাজ হবে লন্ডনে। সেখানে একটানা ২০ দিন ধরে কাজ হবে। ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন এবং চিত্রগ্রাহকের দায়িত্বে থাকছেন রায়হান খান। ছবির গানের সুর ও সংগীত পরিচালনা করছেন এস আই টুটুল। ছবিতে মিম ছাড়াও রয়েছেন তারিক আনাম খান, আসিফ, মিশু সাব্বির এবং ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ও চ্যানেল আই আয়োজিত ‘হ্যান্ডসাম দ্য আল্টিমেট ম্যান’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন সাজ্জাদ।

এদিকে ‘গুডমর্নিং লন্ডন’ ছবিটি ছাড়াও মিম সম্প্রতি কলকাতার সংগীতশিল্পী, অভিনয়শিল্পী ও চলচ্চিত্রনির্মাতা অঞ্জন দত্তের পরিচালনায় ‘মন বাক্স’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। সামনের নভেম্বরে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা। এই ছবিতে মিমের সহশিল্পী নিরব।