'আপত্তিকর' উপস্থাপনে নায়িকা-পরিচালক বিবাদ

ভেবেছিলেন অভিনয় করবেন প্রধান নায়িকা চরিত্রে। শুটিং শুরুর পর দেখলেন তাঁর চরিত্র পার্শ্ব নায়িকার। এই নিয়েই পরিচালকের সঙ্গে বিবাদের শুরু। অবশ্য নায়িকার এই দাবির সঙ্গে আবার একমত নন পরিচালক। এ বিবাদ মুক্তির অপেক্ষায় থাকা ‘পাগলা দিওয়ানা’ ছবির নায়িকা অমৃতা খান ও পরিচালক ওয়াজেদ আলী সুমনের মধ্যে।
আগামী ৩ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। ছবিটির অপর অভিনয়শিল্পীরা হলেন পরীমনি, শাহ রিয়াজ, সবুজ, মিশা সওদাগর, রুবেল, আলীরাজ প্রমুখ।
অমৃতা এ-ও বলেন, ‘আমি চলচ্চিত্রে দ্বিতীয় নায়িকা যাওয়ার জন্য আসিনি। ভাবতে অবাক লাগে, সুমন ভাইয়ের মতো নির্মাতা আমার সঙ্গে প্রতারণার আশ্রয় নিলেন! আপনার প্রতি ধিক্কার জানানো ছাড়া কোনো উপায় দেখছি না।’

অমৃতার আরও অভিযোগ তাঁকে নাকি ছবির প্রচারণায় ব্যবহার করা পোস্টারে ‘গুরুত্বহীন’ ও ‘আপত্তিকরভাবে’ উপস্থাপন করা হয়েছে। অমৃতার মতে, ‘আমার ছবিকে সম্পাদনা করে ছোট করে দেওয়া হয়েছে। এমনকি আমাকে ‘অশ্লীলভাবে’ উপস্থাপন করা হয়েছে। যার কারণে আমাকে পারিবারিক পরিসরে হেয় হতে হচ্ছে। আমি ছবি সংশ্লিষ্টদের কাছে অনুরোধ করছি, তাঁরা যেন ‘পাগলা দিওয়ানা’ ছবির পোস্টারে আমার কোনো ছবি ব্যবহার না করেন।’
এদিকে যোগাযোগ করা হলে ওয়াজেদ আলী সুমন প্রথম আলোকে জানান, তিনি ফেসবুকে অমৃতার স্ট্যাটাসটির কথা শুনেছেন। অমৃতার অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করে বলেন, ‘ও তো অসুস্থ! ও তো দেশ ছেড়ে পালিয়ে গেছে। ছবি মুক্তির সময় চলে আসছে অথচ তাঁর কোনো খোঁজ-খবরই নেই।’ ‘পাগলা দিওয়ানা’ ছবিটি মুক্তির ঠিক আগ মুহূর্তে অমৃতা তাঁর ক্ষোভের কথা ঝাড়লেন ফেসবুকে। এই মুহূর্তে অমৃতা তাঁর বাবার কাছে কিরগিজস্তানে আছেন। সেখান থেকেই নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘‘ছবির কাজ শুরুর আগে ‘পাগলা দিওয়ানা’র পরিচালক ওয়াজেদ আলী সুমন ও প্রযোজক মিজান আমার বাসায় এসে সাইনিং মানি দিয়ে যান। তাঁরা আমাকে প্রধান নায়িকা করার আশ্বাস দিয়েছিলেন। শুটিং শুরুর ২-৩ দিন পর বুঝতে পারলাম ছবিতে আরও একজন নায়িকা কাজ করছেন। বিষয়টি টের পেয়েই আমি সুমন ভাইকে জিজ্ঞেস করতেই তিনি আমাকে বললেন, দুই নায়িকার চরিত্র সমান্তরালভাবে গুরুত্ব পাবে। আমি পরিচালকের কথা বিশ্বাস করে কাজটি করি। একপর্যায়ে বুঝতে পারলাম আমাকে দ্বিতীয় নায়িকা হিসেবে তাঁরা কোণঠাসা করে দেন। যদিও আমার উচিত ছিল তখনই কাজটা ছেড়ে দেওয়া, কিন্তু তার পরও সব কিছু মুখ বুজে সহ্য করে শুটিং করি। আর আমি যদি তখন শুটিং না করি, তখন সব দোষ আমার ওপর চাপিয়ে দেওয়া হতো। বলতো, নায়িকা অমৃতা খান শিডিউল ফাসায়।’ ’

অমৃতা ‘অসুস্থ’ কিংবা দেশ ছেড়ে পালিয়ে গেছে এ দাবি কীসের ভিত্তিতে করছেন, জানতে চাইলে এই প্রতিবেদককে ওয়াজেদ আলী সুমন বলেন, ‘ও যেই ধরনের স্ট্যাটাস দিয়েছে তাতেই বোঝা যাচ্ছে সে মানসিকভাবে অসুস্থ।’ অমৃতার সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়েছে জানালে পরিচালক বলেন, ‘সে বাবার (কিরগিজস্তান) কাছে যায়নি। কোথাও গিয়ে বসে আছে। আমরা কোনোভাবে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছি না।’
এ ব্যাপারে জানতে মোবাইলে যোগাযোগ করা হলে অমৃতা বলেন, ‘পরিচালক আমার সঙ্গে প্রতারণা করেছেন। কথা দিয়ে কথা রাখেননি। উল্টো এখন আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তাঁদের এমন আচরণের নিন্দা জানানো ছাড়া আমার আর কিছু বলার নেই।’