'তিশাই হবে বাণিজ্যিক সিনেমার সুপারস্টার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘রানা পাগলা’ ছবির দৃশ্যে শাকিব খান ও তিশা
‘রানা পাগলা’ ছবির দৃশ্যে শাকিব খান ও তিশা

‘ঈদের নামাজ পড়েই আমি ঢাকা শহরের বিভিন্ন সিনেমা হলে ঢুঁ মেরেছি। যেসব সিনেমা হলে ‘রানা পাগলা’ ছবিটি চলছে, সেসব হলে তিশাকে দেখার পর দর্শকদের মাঝে যে উন্মাদনা দেখেছি, তাতে আমি বিস্মিতি হয়েছি। একজন সিনেমার নায়িকার জন্য এ এক পরম সৌভাগ্য। দর্শকের এই ভালোবাসাই পারে একজন অভিনয়শিল্পীকে আলোচনার শীর্ষে নিয়ে যেতে।’ তিশাকে নিয়ে কথাগুলো বলছিলেন বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান।
এবারের ঈদে বাংলাদেশের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খান ও তিশা অভিনীত প্রথম চলচ্চিত্র ‘রানা পাগলা’। শামীম আহমেদের এই ছবিতে তিশার সঙ্গে কাজ করে মুগ্ধ শাকিব। মুক্তির পর সিনেমা হলগুলো ঘুরে দর্শকদের প্রতিক্রিয়ায় তিশাকে নিয়ে আরও বেশি আশাবাদী শাকিব।
তিশা সম্পর্কে শাকিব খান বলেন, ‘তিশা খুব ভালো অভিনয় করে এবং ভালো নাচও জানে। আমি তো বলব, তার শুধু সিনেমায়ই অভিনয় করা উচিত। সে যদি শুধু সিনেমায় মনোযোগী হয়, তাহলে তিশাই হবে বাণিজ্যিক সিনেমার সুপারস্টার।’
সিনেমায় নিয়মিত হওয়ার আগে তিশাকে সব ধরনের নাটকের কাজ ছেড়ে দেওয়ার পরামর্শ দিতে চান শাকিব। তাঁর মতে, একজন সিনেমার অভিনেত্রীকে টেলিভিশনের পর্দায় হরহামেশা দেখা গেলে সিনেমার পর্দায় তাঁর আবেদন কিছুটা কমে যায়। সিনেমা হলে দর্শকেরা তখন টাকা খরচ করে তাকে দেখতে যাবেন না। টেলিভিশনে নিয়মিত কাজ করলে একজন সিনেমার অভিনেত্রী দর্শকের কাছে অনেক বেশি সহজপ্রাপ্য হয়ে যান। তাই আমি তাকে শুধুই সিনেমায় মনোযোগী হওয়ার অনুরোধ করব।’
ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী তিশা অভিনীত প্রথম চলচ্চিত্র মোস্তফা সরয়ার ফারুকীর ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’। এরপর একই পরিচালকের ‘টেলিভিশন’ ছবিতে কাজ করেন তিনি। এ ছাড়া প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদের ‘রানওয়ে’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন। তাঁর আরেকটি সাম্প্রতিক ছবির নাম ‘অস্তিত্ব’।