'পাষাণ' সিনেমায় শাহেদ আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহেদ আলী
শাহেদ আলী

কিছুদিন আগে সৈকত নাসিরের নতুন চলচ্চিত্র ‘পাষাণ’ ছবিতে নেতিবাচক একটি চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন শাহেদ আলী। গত বুধবার থেকে সিলেটে এই ছবির শুটিং শুরু হয়েছে। তিনি ছাড়াও ছবির প্রথম লটের শুটিংয়ে অংশ নিয়েছেন ইলোরা গওহর, সাদেক বাচ্চুসহ আরও অনেকে।মাস তিনেক আগে প্রথম আলোর সঙ্গে আলাপে অভিনয়শিল্পী শাহেদ আলী জানিয়েছিলেন, তিনি চলচ্চিত্রে ব্যস্ত হতে চান। আর কাজ করতে চান নেতিবাচক চরিত্রে। তাঁর ধারণা, নেতিবাচক চরিত্রে তিনি ভালো করবেন।
‘পাষাণ’ ছবিতে নিজের অভিনীত চরিত্রটি সম্পর্কে এখনই পুরোপুরি বলতে নারাজ শাহেদ আলী। তবে কিছুটা ধারণা দিয়ে বললেন, তিনি তাঁর পরিকল্পনামতোই এগোচ্ছেন। এই ছবিতে শাহেদ আলী অভিনয় করছেন একজন স’ মিল (কাঠ কাটার কারখানা) শ্রমিকের চরিত্রে।
সিনেমায় নিজের এমন চরিত্রকে ভিন্নধর্মী উল্লেখ করে শাহেদ আলী বলেন, ‘নাটকের পাশাপাশি কয়েকটি সিনেমায় অভিনয় করার সুযোগ হয়েছে। কিন্তু “পাষাণ” সিনেমায় যে ধরনের চরিত্রে আমি কাজ করছি, তা আগে কখনোই করা হয়নি। শুধু তা-ই নয়, এই ধরনের কোনো চরিত্র আমি সিনেমায় দেখিনি। একদম বাস্তবধর্মী একটি চরিত্র। নতুন অভিজ্ঞতা হবে।’
‘পাষাণ’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের পরীমনি ও ভারতের কলকাতার ওম।

শাহেদ আলী অভিনীত সাম্প্রতিকতম সিনেমা হচ্ছে ‘বাদশা’। এর আগে তাঁকে ভারতীয় নির্মাতা গৌতম ঘোষের ‘শঙ্খচিল’ সিনেমায় দেখা গেছে।