'ভ্যালেন্টাইন ডে' বদলে 'নবাব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাকিব খান
শাকিব খান

দুই বাংলার প্রযোজনায় শাকিব খান ও শুভশ্রীর ‘ভ্যালেন্টাইন ডে’ ছবির শুটিং এ মাসেই শুরু হওয়ার কথা। শুটিংয়ের সময় ঠিকঠাক থাকলেও শুটিং শুরুর আগেই ছবির নাম বদলে গেল। ‘ভ্যালেন্টাইন ডে’ ছবির নতুন নাম ‘নবাব’, জানিয়েছেন ছবিটির বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

হঠাৎ করেই ছবির নাম পরিবর্তন প্রসঙ্গে প্রযোজক ও ছবিটির বাংলাদেশি পরিচালক আবদুল আজিজ বলেন, ‘আগামী বছর ভ্যালেনটাইন ডে-তে ছবিটি মুক্তির কথা ছিল। কিন্তু এখন মনে হচ্ছে, মুক্তি দেওয়া সম্ভব হবে না। কলকাতায় সরস্বতী পূজায় মুক্তি পাবে এটি। এ কারণে ছবির নামটি মূল্যহীন হয়ে যেতে পারে। তাই নাম পরিবর্তন করেছি।’ ছবির নাম ‘নবাব’ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘ছবির গল্পে শাকিব খানের চরিত্রের নাম নবাব। তাই এ নামটিই প্রাসঙ্গিক।’ এরই মধ্যে এফডিসির পরিচালক সমিতিতে ‘নবাব’ নামটিই তালিকাভুক্ত করা হয়েছে বলে জানান তিনি।
ছবির নাম পরিবর্তন প্রসঙ্গে নবাব চরিত্রের নায়ক শাকিব খান বলেন, ‘শুরুতেই ছবির গল্প শোনার সময় নবাব নামটি পছন্দ ছিল আমার। গল্পের সঙ্গে নবাব নামটাই মানাই। শেষ পর্যন্ত এই নামটি রাখায় খুশি আমি।’
ছবিটিতে আরও অভিনয় করছেন বাংলাদেশের অমিত হাসান, শিবা সানু, রেবেকা ও কলকাতার রজতাভ দত্ত প্রমুখ। চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে। আবদুল আজিজের সঙ্গে ‘নবাব’ ছবিটি যৌথভাবে পরিচালনা করবেন কলকাতার জয়দেব মুখার্জি।