'মনের মতো' অভিনয় করতে চান অনন্ত!

‘খোঁজ দ্য সার্চ’ চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক হয়েছিল ঢাকাই ছবির আলোচিত নায়ক অনন্ত জলিলের। ২০১০ সালের এপ্রিলে মুক্তি পায় ছবিটি। এর পর টানা আরও পাঁচটি ছবিতে কাজ করেছেন, কিন্তু আজ পর্যন্ত কোনো ছবিতেই নাকি ‘মনের মতো’ অভিনয় করতে পারেননি তিনি। এবার ‘মনের মতো’ অভিনয় করে নিজেকে অভিনয়শিল্পী হিসেবে উপস্থাপন করতে চান তিনি। আজ শনিবার বিএফডিসির ২ নম্বর ফ্লোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন অনন্ত জলিল।
অনন্ত জলিলের নতুন চলচ্চিত্র ‘দ্য স্পাই’। বেশ কয়েক মাস আগে ছবিটি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন তিনি। এ ছবিতে অভিনয়ের জন্য শিল্পী বাছাইয়ের কাজও শুরু করেছিল তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান মনসুন ফিল্মস। ‘ট্যালেন্ট হান্ট’ নামের এক প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয়েছিল এই কার্যক্রম। যা প্রায় শেষের পথে। এই কার্যক্রমের সর্বশেষ অবস্থা জানাতেই আজ সকালে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলন।
সংবাদ সম্মেলনে অনন্ত বলেন, ‘আমি আজ পর্যন্ত যতগুলো ছবিতে অভিনয় করেছি, কোনো ছবিতেই মনের মতো অভিনয় করার সুযোগ পাইনি। কারণ, প্রত্যেকটা ছবির চিত্রনাট্য থেকে শুরু করে, সংলাপ, শুটিংয়ের লোকেশন বাছাই, দেশ-বিদেশের অভিনয়শিল্পী নির্বাচন—আমাকেই সবকিছুর তদারকি করতে হয়েছে। শুধু তাই নয়; কস্টিউম, কোরিওগ্রাফার, কলাকুশলীর ব্যাপারেও তদারকি করতে হয়েছে আমাকেই।’ তিনি বলেন, ‘সবকিছু নিয়ে আমাকে অনেক বেশি ব্যস্ত থাকতে হতো। আমার ব্যস্ততা এতটাই ছিল যে, শরীরের ঘাম মুছতে মুছতে ক্যামেরার সামনে দাঁড়াতে হতো। এবার সিদ্ধান্ত নিয়েছি, আমি আর্টিস্ট হব।’

‘ট্যালেন্ট হান্ট’ শুধু নায়ক-নায়িকা খোঁজার অনুষ্ঠান নয় উল্লেখ করে অনন্ত বলেন, ‘আমি মনে করি, ড্যানিশ-মনসুন ফিল্মস ট্যালেন্ট হান্ট ব্যক্তি পর্যায়ে বাংলাদেশের প্রথম প্রতিভা অন্বেষণের অনুষ্ঠান। এটা শুধুই নায়ক-নায়িকা খোঁজার অনুষ্ঠান নয়, এর মাধ্যমে আমরা অন্যান্য অভিনয়শিল্পী খোঁজার কাজটিও করব। যা আমাদের পরবর্তী ছবি ‘দ্য স্পাই’ মুক্তির পর সবাই টের পাবেন।’ তিনি বলেন, ‘আমি আশাবাদী, প্রতিভা অন্বেষণের এ অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রী খুঁজে পাব আমরা। শুধু আমরাই নই, বাংলাদেশের চলচ্চিত্র শিল্পও খুঁজে পাবে প্রতিভাবান অভিনয়শিল্পী।’
অনন্ত জানান, তিনি বিশ্বাস করেন মানুষের পক্ষে কোনো কিছুই অসম্ভব না। খুব শিগগিরই এটিএন বাংলায় শুরু হতে যাচ্ছে ‘ট্যালেন্ট হান্ট’। এ অনুষ্ঠানে এমন কিছু থাকবে, যা আগে কখনো ঘটেনি। প্রযুক্তির এমন কিছু ব্যাপার থাকবে, যা এর আগে কোনো অনুষ্ঠানে ঘটেনি।
‘দ্য স্পাই’ ছবির সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা বর্ষা এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এঁদের মধ্যে আছেন এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান) নওয়াজেশ আলী খান, বিক্রয় ও বিপণন প্রধান শামসুল হুদা, মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন, হেড অব ভ্যাস ম্যানেজমেন্ট ফয়সাল মাহমুদ হাসান, ড্যানিশ ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজিজ আল মাহমুদ, প্রধান নির্বাহী কর্মকতা কে এম আলী, রেডিও নেক্সটের পক্ষে একলিম উদ্দিন, জেলটা মোবাইলের পরিচালক মালিক উর রশিদ, রেড ডট মাল্টিমিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক গাজী শুভ্র এবং ক্রিয়েটো লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম খান।