'মায়াবিনী' আইরিন!

প্রেম প্রিয়াকে বলছে, ‘এই, তুমি এত ছোট পোশাক পরো কেন?’ উত্তরে প্রিয়া বলছে, ‘আমি মডেলিং করি। আর শোনো, আমি তারকা; আমার স্টাইলই এমন।’—‘মায়াবিনী’ ছবির একটি দৃশ্যের কথোপকথন এমনই। গতকাল ২৫ জানুয়ারি দুপুরে এফডিসির গার্ডেন লোকেশনে এমনিই একটি দৃশ্যধারণ করলেন ছবিটির পরিচালক আকাশ আচার্য্য।
কথা প্রসঙ্গে পরিচালক আকাশ জানিয়েছেন, এ ছবির গল্পে নায়ক ‘প্রেম’ নায়িকা ‘প্রিয়া’কে ভালোবাসতে চায়। তার কাছে ‘প্রিয়া’ এক মায়াবিনী।
আর এই মায়াবিনী রূপের প্রিয়াই হলেন আইরিন। এ ছবিতে ‘প্রিয়া’ চরিত্রে অভিনয় করছেন তিনি। ছবির গল্পে এ সময়ের এক জনপ্রিয় মডেল হিসেবেই দেখানো হচ্ছে তাঁকে। আর তাতেই নাকি চরিত্রটি ফুটিয়ে তুলতে সুবিধা পাচ্ছেন আইরিন। কীভাবে?
আইরিন বললেন, ‘চলচ্চিত্রে অভিনয় শুরু করার আগে থেকেই আমি মডেলিংয়ের সঙ্গে জড়িত। ফলে মডেলিংয়ের জগতের যে জীবন, তা আমার খুব কাছে থেকে দেখা। এর ফলে ছবির ‘প্রিয়া’ চরিত্রটির পোশাক-আশাক থেকে শুরু করে চলাফেরা—সবকিছুই নিজের আয়ত্তে ছিল। যে কারণে ‘প্রিয়া’ চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তুলতে বাড়তি সুবিধা পাচ্ছি।’
পরিচালক জানিয়েছেন, ২০ জানুয়ারি থেকে এফডিসির লোকেশনে এ ছবির শুটিং শুরু হয়েছে।
‘মায়াবিনী’ ছবিতে ‘প্রেম’ চরিত্রে অভিনয় করছেন সাইমন সাদিক। এ ছাড়া এই ছবির অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন কাজী হায়াত, অমিত হাসান, সিবা শানু প্রমুখ।
এদিকে, আইরিন অভিনীত আরও তিনটি ছবি এখন মুক্তির অপেক্ষায়। ছবি তিনটি হলো—এস এ হক অলিক পরিচালিত ‘এক পৃথিবী প্রেম’, গাজিউর রহমানের ‘এই তুমি সেই তুমি’ ও সাইফ চন্দনের ‘টার্গেট’।