'রাজনীতি' থেকে সমঝোতায় সরলেন জায়েদ

শুটিং শুরুর আগে থেকেই আলোচিত ‘রাজনীতি’। কথা ছিল ‘রাজনীতি’ করবেন শাকিব খান; সঙ্গে জায়েদ খানও থাকবেন। কিন্তু ‘রাজনীতি’ ছবির শিল্পী বদলের ঘটনা ঘটতেই থাকল একের পর এক। ঈদের পর ঢাকার গুলিস্তানে শুটিং শুরু হয়েছিল এ ছবির। সে শুটিংয়ে অংশ নিয়েছিলেন শুধুই শাকিব। তখনো জানা যায়নি, ‘রাজনীতি’ ছবিতেই থাকছেন না জায়েদ খান।
কিছুদিন বিরতির পর গতকাল সোমবার থেকে আবারও শুরু হয়েছে ‘রাজনীতি’ ছবির শুটিং। এবারের শুটিং স্পট এফডিসি। শুটিংয়ে আবারও যথারীতি শুধুই শাকিব খান। কারণ জানতে চাইলে পরিচালক বুলবুল বিশ্বাস বললেন, ‘এ ছবির গল্প পুরোনো ঢাকাকে কেন্দ্র করে। ফলে সংলাপ একটি স্পর্শকাতর বিষয়।’
সংলাপের ব্যাপারটি নিয়ে আগে চিন্তা করেননি? এ প্রশ্নে পরিচালকের জবাব ছিল, ‘ছবিতে চুক্তির সময় জায়েদ ভাইকে বলেই নিয়েছিলাম যে, এ ছবিতে কিন্তু অডিশনের একটা ব্যাপার থাকছে। ছবির স্বার্থে সেটা করতেই হবে। শেষমেশ সবকিছু যদি ঠিকঠাক মতো না হয়, তাহলে আমরা দুজনে আলাপ করে সিদ্ধান্ত নেব— কাজটা কীভাবে এগিয়ে নেওয়া যায়। সেই আলাপের জের ধরেই এই সিদ্ধান্ত।’
এ দিকে জায়েদ খানের সঙ্গে যখন কথা হচ্ছিল, তিনি তখন পুবাইলে ‘মনের রাজা’ ছবির শুটিংয়ে। সেখান থেকে মুঠোফোনে প্রথম আলোকে তিনি বলেন, ‘একই সময়ে আমাকে আরেকটি ছবির শুটিংয়ের কাজ শুরু করতে হয়। দুটো ছবির শিডিউল মেলানো খুব কঠিন হয়ে যাচ্ছিল। তা ছাড়া মনে হয়েছে, ‘মনের রাজা’ ছবির চরিত্রটাই গুরুত্বপূর্ণ। তাই ‘রাজনীতি’র পরিচালকের সঙ্গে আলাপ করেই ছবিটির সঙ্গে না থাকার সিদ্ধান্ত নিয়েছি।’
‘রাজনীতি’ ছবির অন্য অভিনয়শিল্পীরা হলেন অপু বিশ্বাস ও মিলন।