'রানা প্লাজা' চলচ্চিত্র প্রদর্শনে ছয় মাসের নিষেধাজ্ঞা
সাভারের রানা প্লাজা ধসের ঘটনা নিয়ে নির্মিত পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র রানা প্লাজার প্রদর্শনী ও সম্প্রচারে ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। এ সময়ের মধ্যে দেশে-বিদেশে প্রেক্ষাগৃহে বা অন্য যেকোনো মাধ্যমে চলচ্চিত্রটি দেখানো যাবে না।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেন। আদালতে আবেদনটির পক্ষে শুনানি করেন আইনজীবী ফজলে নূর তাপস ও মেহেদী হাসান চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।
জানতে চাইলে মোখলেসুর রহমান প্রথম আলোকে বলেন, নিষেধাজ্ঞার পাশাপাশি ওই চলচ্চিত্রকে দেওয়া সেন্সর বোর্ডের সনদের কার্যকারিতাও স্থগিত করেছেন আদালত। এ সনদ কেন বাতিল করা হবে না—তা জানতে চেয়ে রুল দিয়েছেন আদালত। তথ্যসচিব, চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান, চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) ব্যবস্থাপনা পরিচালক ও চলচ্চিত্রটির প্রযোজক শামীমা আক্তারকে ছয় সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রানা প্লাজা চলচ্চিত্রে নানা ভীতিকর দৃশ্য দেখানোর অভিযোগ করে বাংলাদেশ ন্যাশনাল গার্মেন্টস ওয়ার্কার্স এমপ্লয়িজ লিগের সভাপতি সিরাজুল ইসলাম গত বৃহস্পতিবার এ রিট আবেদনটি করেন।