'শয়তান'-এ এক ঝলক নিরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শয়তান’ ছবির দৃশ্যে নিরব ও কবিতা রাধেশ্যাম
‘শয়তান’ ছবির দৃশ্যে নিরব ও কবিতা রাধেশ্যাম

বলিউডের একটি ছবিতে অভিনয় করতে মাস চারেক আগে ভারতের বেঙ্গালুরু যান ঢালিউড অভিনেতা নিরব। ভারতের বিভিন্ন স্থানে টানা এক মাসের বেশি সময় ধরে শুটিং শেষে দেশে ফিরেছেন তিনি। গতকাল রাতে দেখা গেল নিরবের সেই পরিশ্রমের ফসলের এক ঝলক। নিরব অভিনীত বলিউডের সেই ছবির নাম ‘শয়তান’।
সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবিটির ট্রেলার। দুই মিনিট ছয় সেকেন্ডের সেই ট্রেলারে নিরবের উপস্থিতি প্রশংসিত হয়েছে। শুরুতে ছবির নাম ছিল ‘বালা’। পরে সেই নাম পরিবর্তন করা হয়। একটি সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত ভৌতিক ধাঁচের ছবিটিতে নিরবকে একজন গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। ট্রেলার দেখে বোঝা গেল, মারপিট ছাড়াও ছবিটিতে রয়েছে বেশ কিছু রোমান্টিক দৃশ্য।
নিজের প্রথম বলিউডি সিনেমার ‘ফার্স্ট লুক’-এ উচ্ছ্বসিত নিরবও। প্রথম আলোর সঙ্গে আলাপে তিনি বলেন, ‘আমার অভিনয়জীবনের জন্য এটা অনেক বড় একটা অনুপ্রেরণা। বিগ বাজেটের না হলেও বলিউড তো বলিউডই। ওদের বাজারটা বড় এবং সবকিছু আন্তর্জাতিক মানের। যত দিন কাজ করেছি, অনেক কিছু শিখেছি। এটা সত্যি দারুণ এক প্রাপ্তি। সবাই দোয়া করবেন, বাংলাদেশের চলচ্চিত্র ও সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করে যেন অনেক দূর পৌঁছাতে পারি।’
‘শয়তান’ ছবিতে নায়িকা অর্থাৎ​ নিরবের স্ত্রীর ভূমিকায় আছেন ভারতীয় অভিনেত্রী কবিতা রাধেশ্যাম। মনোবিজ্ঞানী চরিত্রে দেখা যাবে পাকিস্তানি অভিনেত্রী মীরা খানকে। এ ছাড়াওঅভিনয় করেছেন আমিতা নানজিয়া, আসিফ বাসরা, ইতি আচারিয়া, শিশুশিল্পী বেবি তাসমিয়া। ‘শয়তান’ ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ফয়সাল সাইফ আর পরিচালক সামির খান। ফেইথ পিকচার্স প্রযোজিত ছবিটি শিগগিরই মুক্তি পাবে।