'সজলের বাদ পড়ার খবর ভিত্তিহীন, আজগুবি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সজল ও মাহি
সজল ও মাহি

মাহিয়া মাহি ও সজলের ‘হারজিৎ​’ ছবির কাজ প্রায় ৫০ ভাগ শেষ হয়েছে। এ অবস্থায় হঠাৎ​ করেই কয়েকটি দৈনিক ও অনলাইন পোর্টালে খবর বেরিয়েছে, ছবিটি থেকে বাদ দেওয়া হচ্ছে সজলকে। সেখানে বলা হয়েছে, অভিনয়-দুর্বলতার কারণেই ‘হারজিৎ​’ ছবিটি থেকে বাদ দেওয়া হচ্ছে তাঁকে।
তবে বিষয়টিকে হাস্যকর ও গুজব বলে উড়িয়ে দিলেন ছবিটির নির্বাহী প্রযোজক আলভী আহমেদ। তিনি বলেন, ‘ওই পত্রিকাকে কে বলল যে সজলকে বাদ দেওয়া হয়েছে? কারও সঙ্গে কথাবার্তা নেই, হঠাৎ​ এ ধরনের ভিত্তিহীন, আজগুবি একটা খবর ছেপে দিল! এ কোন ধরনের সাংবাদিকতা।’ খবরটি শুনে আকাশ থেকে পড়েন ‘হারজিৎ​’-এর পরিচালক বদিউল আলম। তিনি বলেন, ‘কই, আমি তো কিছুই জানি না। ছবির কাজ প্রায় অর্ধেক হয়ে গেছে। নতুন শিডিউলে ছবির কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছি।’ খবরের সূত্র ধরে সজলের অভিনয়-দুর্বলতা নিয়ে এই পরিচালক বলেন, ‘ছোট পর্দায় তাঁর কাজ দেখেছি। ভালো অভিনয় করেন সজল। তা ছাড়া এই ছবিতে আমি যতটুকু আশা করেছিলাম, তার চেয়ে বেশি পেয়েছি সজলের কাছ থেকে।’
আগামী ১ নভেম্বর থেকে ‘হারজিৎ​’ ছবির দ্বিতীয় ধাপের শুটিং শুরুর কথা জানান পরিচালক। ছবিতে আরও অভিনয় করছেন মৌসুমী, ওমর সানি, মিশা সওদাগর, আফজাল শরীফ, খালেদা আক্তার প্রমুখ।