'সাত ভাই চম্পা'য় 'বাদশা' হচ্ছেন রিয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াজ
রিয়াজ

রূপকথার গল্প অবলম্বনে ঝকঝকে, তকতকে সেটে তৈরি হবে ‘সাত ভাই চম্পা’ সিরিজটি। বিশাল বাজেট নিয়ে এই প্রকল্পটির কাজ শিগগির শুরু হতে যাচ্ছে বলে জানাল চ্যানেল আই কর্তৃপক্ষ। এই টিভি সিরিজে ‘চম্পা’ নামের চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত না হলেও বাদশা চরিত্রের জন্য মৌখিকভাবে চূড়ান্ত হয়েছে চিত্রনায়ক রিয়াজের নাম। আনুষ্ঠানিকভাবে সিরিজটিতে চুক্তিবদ্ধ না হলেও, মৌখিকভাবে কথা এগিয়ে গেছে অনেকখানি। চ্যানেল আইয়ের বিপণন বিভাগের প্রধান ইবনে হাসান খান জানান, সপ্তাহখানেকের মধ্যে লিখিত চুক্তি হয়ে যাবে।
‘সাত ভাই চম্পা’ সিরিজ সম্পর্কে জানতে যোগাযোগ করা হয় রিয়াজের সঙ্গে। তিনি বলেন, ‘রূপকথার গল্প নিয়ে এটি তৈরি হচ্ছে। তবে টেলিভিশন দর্শকেরা এতে অনেক বৈচিত্র্য পাবেন। এর অন্যতম প্রধান একটা চরিত্র বাদশার ভূমিকায় অভিনয় করব আমি।’
‘সাত ভাই চম্পা’ সিরিজটি নিয়ে এরই মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথাবার্তা হয়েছে রিয়াজের। এ অভিনেতা এটিকে নিজের স্বপ্নের কাজ হিসেবে মনে করছেন। বললেন, ‘আমার অভিনয়জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে মনে হয়েছে, এ ধরনের কোনো প্রডাকশন আমাদের দেশে এর আগে সত্যিই হয়নি। তাঁদের প্রস্তুতি এবং কথা শুনে এও মনে হচ্ছে, এটা ইউনিক কাজ হতে পারে। অন্য আট-দশটা টিভি নাটকের মতো না। এক বছর ধরে চ্যানেল আই এই সিরিজের প্রস্তুতি নিয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের সিরিজ করার প্রয়াসটা সত্যিই স্বপ্ন।’
পুরো সিরিজটি পরিচালনার দায়িত্বে থাকবেন একদল পরিচালক। আর তাঁদের নেতৃত্বে থাকবেন রিপন নাগ। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে সাত ভাই চম্পার আনুষ্ঠানিক শুটিং শুরু হবে বলে জানায় চ্যানেল আই।