'স্পাই' হতে ৩ লাখ আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ষা ও অনন্ত জলিল
বর্ষা ও অনন্ত জলিল

সেই কবে শুরু হয়েছিল ‘খোঁজ দ্য সার্চ’। সম্প্রতি আবার নতুন করে ‘সার্চ’ শুরু করেছেন নায়ক অনন্ত জলিল। এবার তিনি খুঁজছেন স্পাই। নিজের নতুন ছবি দ্য স্পাই-এর জন্য সহ-অভিনেতা খুঁজছেন তিনি। এ জন্য ব্যক্তি–উদ্যোগে ‘ট্যালেন্ট হান্ট’ নামের এক প্রতিযোগিতাও শুরু করেন। পরে অবশ্য এই কাজে সাহায্যের হাত বাড়িয়েছে ড্যানিশ। প্রতিযোগিতার মাধ্যমে তাঁর নতুন ছবিতে অভিনয়ের জন্য আবেদন পড়েছিল প্রায় তিন লাখ।
গতকাল শনিবার সকালে বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অনন্ত জলিল। প্রতিযোগিতা সম্পর্কে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, নাথিং ইজ ইমপসিবল। আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রতিভাকে খুঁজে বের করতে পারব। আর তাঁদের নিয়েই শুরু হবে নতুন ছবি দ্য স্পাই।’ শিগগিরই এটিএন বাংলায় প্রচারিত হবে ‘ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা। তিনি জানান, এই অনুষ্ঠানে এমন কিছু থাকবে, যা আগে কখনো দেখেননি দেশের টিভি দর্শকেরা।
নিজের ছবিতে সাধারণত নিজেই অভিনয় করেন ঢালিউডের এই নায়ক। এবারও ব্যতিক্রম হবে না। প্রতিবার সিনেমার প্রায় সব কাজ তাঁকে একাই সামলাতে হয়। ছবির চিত্রনাট্য, সংলাপ, লোকেশন বাছাই, শিল্পী নির্বাচন—সব। ফলে সেটার বিরূপ প্রভাব গিয়ে পড়ে অভিনয়ের ওপর। অনন্ত সেটা স্বীকার করে বলেন, ‘এবার একটু অভিনয়ে মনোযোগ দিতে চাই।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা বর্ষা, এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান) নওয়াজীশ আলী খান, বিক্রয় ও বিপণনপ্রধান শামসুল হুদা, মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের প্রধান নির্বাহী মাহতাব উদ্দিন প্রমুখ।