'স্যার নয়, দাদু বা কবি বলবে...'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্মলেন্দু গুণ ও পরীমনি
নির্মলেন্দু গুণ ও পরীমনি

‘আমাকে স্যার নয়, দাদু বা কবি বলবে’, হালের আলোচিত নায়িকা পরীমনিকে উদ্দেশ করে ফেসবুকে কথাগুলো লিখেছেন কবি নির্মলেন্দু গ‌ুণ। তাঁর নির্মাণাধীন কবিতাকুঞ্জের জন্য এই চিত্রনায়িকার অর্থসহায়তার পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট লেখেন কবি। পোস্টটির শেষে এই বাক্যটিই লিখেছেন ২০১৬ সালে স্বাধীনতা পদক পাওয়া এই কবি। 

কবিতাকুঞ্জের পাশে দাঁড়াতে পেরে পরীমনিও উচ্ছ্বসিত। আজ সন্ধ্যায় আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে ‘অন্তর জ্বালা’ ছবির শুটিং সেট থেকে মুঠোফোনে তিনি বলেন, ‘কবিতা ও কবির প্রতি আমার অন্য রকম ভালো লাগা কাজ করে। অর্থকষ্টে কবির স্বপ্ন সার্থক হবে না, এ আমি মানতেই পারছিলাম না। তাই নিজের সামর্থ্য অনুযায়ী এ কাজে অর্থ সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিই এবং কবির সঙ্গে যোগাযোগ করি। এতে এক রকম প্রশান্তি আছে।’
নায়িকার সাহায্য পেয়ে অভিভূত কবি নির্মলেন্দু গ‌ুণ। পরীমনিকে উদ্দেশ করে ফেসবুকে তিনি লিখেছেন, ‘তুমি আমাদের নির্মাণাধীন কবিতাকুঞ্জের সাহায্যে হাত প্রসারিত করেছ, এ জন্য আমি খুবই খুশি হয়েছি। অন্তরে আনন্দ লাভ করেছি। তুমি মনে হচ্ছে নিজেও কবিতা লেখো, তাই কবিতাকুঞ্জের প্রতি তোমার মায়া পড়েছে।’ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মুঠোফোনে নির্মলেন্দু গ‌ুণ বলেন, ‘আমরা অর্থসংকটে আছি। তাই অর্থসাহায্য চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম। মনে হচ্ছে, ওই স্ট্যাটাসটি পরীমনির চোখে পড়েছে। অনেকে যথাসাধ্য সাহায্য পাঠিয়েছেন। কিন্তু নায়ক-নায়িকা বা গায়ক-গায়িকাদের মধ্যে পরীমনিই প্রথম কবিতাকুঞ্জের জন্য সাহায্যের হাত প্রসারিত করল। তার জন্য দোয়া করছি। অভিনয়জীবনে সে নিশ্চয় আরও অনেক বড় সাফল্য লাভ করবে।’
নির্মলেন্দু গ‌ুণ আরও জানান, ‘আজ বৃহস্পতিবার সকালেও পরীমনির সঙ্গে মুঠোফোনে আমার কথা হয়েছে। সে অত্যন্ত বিনয়ের সঙ্গে জানিয়েছে, শুটিং নিয়ে ব্যস্ত থাকায় গতকাল আমার সঙ্গে কথা বলতে পারেনি। আমার বিকাশ নম্বরে এক দিনে ২৫ হাজার টাকার বেশি পাঠানো যায় না বলে সে আমার ব্যাংক অ্যাকাউন্টে এক লাখ টাকা পাঠাতে চায়। আমি তাঁকে ব্যাংক অ্যাকাউন্ট পাঠিয়ে দিয়েছি এবং কবিতাকুঞ্জের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে তাঁর ইনবক্সে নির্মাণাধীন কবিতাকুঞ্জের বেশ কিছু ছবি পাঠিয়েছি। ধন্যবাদ পরীমনি, আমরাও তোমার পাশে আছি।’