আজ শিল্পকলায় 'ফেরিওয়ালা'

‘ফেরিওয়ালা’ নাটকের একটি দৃশ্য
‘ফেরিওয়ালা’ নাটকের একটি দৃশ্য

চাড়ালদের জীবনযাত্রা নিয়ে নাটক ‘ফেরিওয়ালা’। আজ বৃহস্পতিবার শিল্পকলা একডেমির স্টুডিও থিয়েটারে সন্ধ্যা সাতটায় নাটকটি প্রদর্শিত হবে। নাটকটি প্রযোজনা করেছে অবয়ব নাট্যদল।
নাটকের কাহিনিতে দেখা যায়, শহর থেকে এক সাহেব দুঃখ-কষ্ট কিনতে এসেছেন—এমন খবর আসে চাড়াল পাড়ায়। দারিদ্র্যপীড়িত চাড়াল তরুণ লকাই খবরটি বাবা নীলকণ্ঠিকে জানায়। বাবা-ছেলে মিলে সব কষ্ট কলসিতে ভরে বিক্রি করতে যায়। স্থানীয় মেম্বার জানাল, এসব দিয়ে হবে না। ভিন্ন রকম দুঃখ কষ্ট চাই। তখন তাঁরা ঘরে বহু আন্দোলন সংগ্রামের প্রতীক প্রাচীন ত্রিশূলকেই বিক্রির জন্য পায়।
স্থানীয় মেম্বার তার আর্থিক লাভের আশায় ওই ত্রিশূল বিক্রি করতে বাবা-ছেলেকে উৎসাহ দেয়। লকাই রাজি হলেও বেঁকে বসে নীলকণ্ঠি। সে এই পারিবারিক ঐতিহ্য রক্ষা করতে চায়। পুত্রের সঙ্গে বিরোধ হয় পিতার।
নাটকটির প্রাসঙ্গিকতা বিষয়ে নির্দেশক শহিদুল হক খান বলেন, ‘নির্যাতিতদের কথা মানুষের কাছে পৌঁছানো দরকার। তাদের কথা বলার লোক কম। সব মানুষ যাতে সমানভাবে ভালো থাকে এটাই প্রত্যাশা।’
আসাদুজ্জামান দুলালের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন শহিদুল হক খান। ২০১৫ সালের ১২ আগস্ট নাটকটি মঞ্চে আসে। আজকে হবে দশম প্রদর্শনী। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন‍ মাহমুদ হাসান জনি, কাজী দেলোয়ার হেমন্ত, ফ্রাংকোলিন সরকার, আবু সাঈদ, নিবিড় ও হান্নান।