পরীক্ষণ থিয়েটারে 'কাল রাত্রি'

রক্তস্নাত লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশ নামের রাষ্ট্রের অভ্যুদয় ঘটেছিল। একাত্তরের সেই লড়াইয়ে সব শ্রেণি-পেশার মানুষ সব স্বার্থ ভুলে কাঁধে কাঁধ রেখে একত্রে দাঁড়িয়েছিল। মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ ছিল উল্লেখ করার মতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও আশপাশের এলাকার ঘটনা অবলম্বনে রচিত হয়েছে কামিলা শিরীন হোসাইনের গল্প। সেই গল্পের নাট্য কাঠামো ‘কালরাত্রি’।
আজ রোববার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে ছিল পদাতিক নাট্য সংসদ-এর ‘কাল রাত্রি’র মঞ্চায়ন। দলটির ৩৮তম প্রযোজনা। লামিসা শিরীন হোসাইনের ‘লোন সার্ভাইভার গল্প অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন তানভীর আহমেদ। নির্দেশনা দিয়েছেন ওয়াহিদুল ইসলাম। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আকলিমা পুষ্প, চমক তারা, শামছি আরা, জেনিতা রহমান, মো. ইমরান খান, ইকরামুল ইসলাম, সালমান শুভ চৌধুরী, জিনিয়া আজাদ, তাসমী চৌধুরী, আবু নাসেম, ফরহাদ সুমন, শরীফুল ইসলাম, মশিউর রহমান, শাখাওয়াত হোসেন প্রমুখ।

নাটকে একজন শিক্ষককে দেখা যাবে মুক্তিযুদ্ধে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করছেন। অসহযোগ আন্দোলনের পর্ব থেকে তাঁরা পাকিস্তান রাষ্ট্রশক্তির বিরুদ্ধে লড়াই করেছিলেন। মার্চের কালরাতে বেঁচে যাওয়া জগন্নাথ হলের একজন শিক্ষার্থী তুলে ধরেন সেই রাতে বিশ্ববিদ্যালয়ের ভয়াল চিত্র। মুক্তিযোদ্ধা ও তাঁর পথ প্রদর্শকের চোখে যে বাংলাদেশ বেঁচে ছিল, তারই গল্প বলা হয়েছে নাটকে।