হুমায়ূন স্মৃতিকাতর আসাদুজ্জামান নূর

হ‌ুমায়ূন আহমেদ ও আসাদুজ্জামান নূর। ফাইল ছবি
হ‌ুমায়ূন আহমেদ ও আসাদুজ্জামান নূর। ফাইল ছবি

হ‌ুমায়ূন আহমেদ রচিত প্রথম টিভি নাটক ‘প্রথম প্রহরে’র কয়েকটি সংলাপে মাত্র দেড় মিনিটের একটি চরিত্রে অভিনয় করেছিলেন আজকের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। পরে আসাদুজ্জামান নূর অভিনয় করেন ‘এইসব দিনরাত্রি’ ধারাবাহিকের ‘রফিক’ চরিত্রে। ‘কোথাও কেউ নেই’-এর ‘বাকের’, ‘অয়োময়’-এর ‘মীর্জা সাহেব’, ‘আগুনের পরশমণি’র মুক্তিযোদ্ধা নূর—হ‌ুমায়ূন আহমেদের নাটক আর চলচ্চিত্রের অভিনেতা আসাদুজ্জামান নূর মন্তব্য করেন, আর কোনো নাটকে অভিনয়ের এতটা স্বাদ মেলে না, যতটা তিনি পান হ‌ুমায়ূন আহমেদের নাটকে। 

১৯ জুলাই ছিল নন্দিত কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের পঞ্চম মৃত্যুবার্ষিকী। বাংলা সাহিত্যের অমর এই স্রষ্টাকে তাঁর সৃষ্টির মধ্য দিয়ে স্মরণ করতে শুক্রবার ‘হ‌ুমায়ূন স্মরণে নদ্দিউ নতিম’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করেছে ম্যাড থেটার। হ‌ুমায়ূন আহমেদকে নিবেদিত এই বিশেষ প্রদর্শনী শুরুর আগে হ‌ুমায়ূন আহমেদের একজন অকৃত্রিম বন্ধু হিসেবে হ‌ুমায়ূন স্মৃতি তর্পণ করেন নাট্যজন ও মন্ত্রী আসাদুজ্জামান নূর। যিনি দীর্ঘদিন হ‌ুমায়ূন আহমেদের সঙ্গে একসঙ্গে কাজ করেছেন এবং হ‌ুমায়ূন আহমেদকে নিয়ে যাঁর রয়েছে অনেক স্মৃতি।

আসাদুজ্জামান নূর বলেন, মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে হ‌ুমায়ূন আহমেদ ‘কাব্যিক ও অতিনাটকীয়’ নাট্যধারায় আমূল পরিবর্তন এনেছিলেন। হ‌ুমায়ূন তাঁর নাটকে সাধারণ মানুষের মুখের কথা, প্রতিদিনের কথা বলতেন। এই যে স্বাদ, তা হ‌ুমায়ূন আহমেদের নাটক ব্যতীত কোথাও পেলাম না।

‘নদ্দিউ নতিম’ নাটকের একটি দৃশ্য
‘নদ্দিউ নতিম’ নাটকের একটি দৃশ্য

হ‌ুমায়ূন আহমেদের গল্প-সংলাপ অত্যন্ত শক্তিশালী—মন্তব্য করেন আসাদুজ্জামান নূর। ‘বহুব্রীহি’, ‘অয়োময়’, ‘নক্ষত্রের রাত’ ও ‘কোথায় কেউ নেই’ নাটকগুলোর উদাহরণ টেনে তিনি বলেন, ‘এসব নাটকে কিন্তু কোথাও কোনো কমেডি চরিত্র নেই। কিন্তু এই নাটকগুলোতে লোক হাসানোর যথেষ্ট উপাদান, সংলাপ ছিল।’ স্বৈরশাসনের সময় ‘বহুব্রীহি’ নাটকে পাখির মুখে ‘তুই রাজাকার’ উক্তিটি একসময় যুদ্ধাপরাধ-বিরোধী আন্দোলনে বাংলাদেশের মানুষ মুখে মুখে তুলে নেয়। ওই সময়ের স্মৃতিচারণা করে নূর বলেন, ‘দম বন্ধ করা এক পরিবেশে মন খুলে কথা বলতে পারতাম না, তখন তাঁর সেই উক্তি সারা দেশে হইচই ফেলে দেয়। সামাজিক অন্যায়, অনিয়মের বিরুদ্ধে তাঁর প্রতিবাদের দক্ষতা ও কৌশল ছিল।’
আসাদুজ্জামান নূরের বক্তৃতার পর মঞ্চস্থ হয় ‘নদ্দিউ নতিম’ নাটকটি। হ‌ুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ উপন্যাস অবলম্বনে নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। অভিনয় করেন আসাদুল ইসলাম, সোনিয়া হাসান ও আর্য মেঘদূত।