৮০তম প্রদর্শনীর পথে ‘দমের মাদার’

‘দমের মাদার’ নাটকের দৃশ্যছবি: নাট্যম রেপার্টরির সৌজন্যে

‘দমের মাদার’–এর ৮০তম প্রদর্শনী উপলক্ষে আয়োজন করা হয়েছে তিন দিনের ‘দমের মাদার নাট্যোৎসব: ৮০-তে যাত্রা’। গতকাল বুধবার শুরু হয়েছে এ উৎসব। জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে মঞ্চস্থ হয় নাটকটির ৭৬তম প্রদর্শনী।
নাটকটি নিয়ে নির্দেশক আইরিন পারভীন বলেন, ‘২০১০ সালে আমরা কয়েকজন সমমনা নাট্যকর্মী নাট্যম রেপার্টরি প্রতিষ্ঠার পর ভাবলাম, বাংলাদেশের লোকজ কোনো আঙ্গিককে নাগরিক মানুষের সামনে উপস্থাপন করব। সেই পরিকল্পনা থেকেই তৈরি হয় “দমের মাদার”। মাদারপীরের এই আখ্যানটি নিয়ে গত ১৬ বছরে ১৬টি আন্তর্জাতিক নাট্যোৎসবে অংশ নিয়েছি। অবশেষে নাটকটির ৮০তম প্রদর্শনী হতে যাচ্ছে। এটা আমাদের বড় প্রাপ্তি।’

লোকপালার গীতল ঐতিহ্য থেকে অনুপ্রাণিত হলেও মঞ্চায়নে নাটকটি অনুসরণ করেছে আধুনিক নাট্যভাষা। লোকজ আঙ্গিকের উপাদান ধরে রেখে অভিনয়, মঞ্চ ও পরিবেশনায় আনা হয়েছে সমকালীন বিন্যাস। নির্দেশকের ভাষ্যে, ‘তারে দেখি না বলেই তার তরে সকল সাধনা’—এই ভাবনা থেকেই নাটকটি জীবাত্মা ও পরমাত্মার মিলনের অনুসন্ধানকে মঞ্চে রূপ দিতে চেয়েছে।

নাট্যম রেপার্টরির প্রযোজনায় সাধনা আহমেদের রচনা ও আইরিন পারভীনের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন শিশির রহমান, পারভীন আখতার, লিটা খান, শুভাশীষ দত্ত, শাকিল আহমেদ, অমিতাভ রাজীব, মনোহরচন্দ্র দাশ, শরিফুল ইসলাম প্রমুখ।

আজ একই মঞ্চে বিকেল ৫টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মঞ্চস্থ হবে যথাক্রমে ৭৭তম ও ৭৮তম প্রদর্শনী। আগামীকাল শুক্রবার বিকেল ৫টা ৩০ মিনিটে হবে ৭৯তম এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ৮০তম প্রদর্শনী।