কথাসুন্দরের ‘বৃত্তের বাইরে’: ঠিকানার সন্ধান

‘বৃত্তের বাইরে’ নাটকের একটি দৃশ্য। ছবি: কথাসুন্দরের সৌজন্যে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের নাটকের দল কথাসুন্দরের মস্তিষ্কটি পাকা, দেহকাণ্ডটি কাঁচা। ‘যে নীড়ে পৃথিবী এসে মেশে’—এভাবে তারা নিজেদের পরিচয় দেয়। সত্যি বলতে কি, নানা ভাষা, নানা মত পরিধানের মোকাম চট্টগ্রাম সম্পর্কেও কথাটি খাটে। নিজের মাটিতে দাঁড়িয়ে আন্তর্জাতিক মাত্রা ছুঁয়ে ফেলার ইচ্ছা দেখেছিলাম কথাসুন্দরের প্রথম প্রযোজনা ‘খেলাঘরে’। নিটু চাবির অভিনয় দিয়ে মনুষ্যচরিত্রের অন্দরমহলে আলোকপাত করেছিল কুন্তল বড়ুয়া নির্দেশিত এই নাটক। অবলম্বন ছিলেন নরওয়ের হেনরিক ইবসেন ও ভারতের শঙ্কর বসুঠাকুর। এবারে প্রয়াত সন্তোষ চক্রবর্তীর তিন দশকের পুরোনো নাটক ‘ঠিকানা’ হাতে নিলেন কুন্তল। এটির গায়ে সময়ের হলদে টিপছাপ এমনভাবে লেগে যে চাইলেই একেলে প্রেক্ষাপটে তুলে আনা যায় না। মাজাঘষা করে ছাপছোপ সরিয়ে ‘বৃত্তের বাইরে’ তৈরি করলেন কুন্তল।

অংশুমান ভৌমিক
ছবি: সংগৃহীত

সম্প্রতি এর দুটি মঞ্চায়ন হয়েছে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির মিলনায়তনে। দর্শক-সমালোচকদের উচ্ছ্বাস বুঝিয়ে দিয়েছে, ‘বৃত্তের বাইরে’ তার কাঙ্ক্ষিত চাঁদমারি খুঁজে পেয়েছে।

এমনিতে রিয়েলিস্টিক ঘরানার প্রসেনিয়াম থিয়েটারেই কুন্তলের সিদ্ধি। গেরস্তঘরের বৈঠকখানা তাঁর অভিপ্রেত যুদ্ধক্ষেত্র। এই চেনা ছাঁচ থেকে সরে ‘বৃত্তের বাইর’-এর উদ্বোধনী মঞ্চায়ন শুরু হলো প্রসেনিয়ামের বাইরে, চট্টগ্রাম শিল্পকলা একাডেমির প্রধান মিলনায়তনের পাশের উঠানে। হঠাৎ আলোকিত হলো উঠানের একটি কোণ। দেখা গেল, অচিন্ত্যপুর জংশন রেলস্টেশনের একটি বেঞ্চে বসে আছেন এক মধ্যবয়সী, নাম তাঁর লাবণী (কঙ্কন দাশ)। তাঁর দৃষ্টিতে উদাস বৈরাগ্যের ছায়া। সঙ্গী বলতে স্কুল ইউনিফর্ম পরা মেয়ে মায়ের কোলে মাথা রেখে ঘুমাচ্ছে।

সম্প্রতি এর দুটি মঞ্চায়ন হয়েছে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির মিলনায়তনে

আমাদের চমকে গিয়ে সেখানে একে একে এসে জুটলেন বেশ কয়েকজন সাংবাদিক। কাঁধে ক্যামেরা, হাতে বুম। সাংবাদিকেরা চিনতে পেরেছেন মধ্যবয়সিনীকে। তিনি কেন এখানে এভাবে বসে আছেন, এ নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে আশপাশে। গণমাধ্যমে তারই প্রতিফলন ঘটতে শুরু করেছে। জিজ্ঞাসাচিহ্ন প্রকাণ্ড আকার নিচ্ছে দেখে লাবণী বললেন, ‘আপনারা জানতে চান? তবে এখানে নয়। আসুন। আমার সঙ্গে ভেতরে আসুন।’ বলে একটি সম্ভাব্য মিলনায়তনের ভেতরে। এই অনুসরণের মধ্যে ঠিকানা খুঁজে বের করার মতো একটি রোজকার গরজের সঙ্গে সমবারী শিল্পযাপনের সুতা বেঁধে দিলেন কুশলী নির্দেশিক। আমরা অধীর হয়ে ঢুকে পড়লাম প্রফেসর হারুন চৌধুরীর (সুচরিত চৌধুরী) বাসার ড্রয়িংরুমে।

ওপেন কার্টেন স্টেজ। ভারী মঞ্চসজ্জা। সেন্টার স্টেজের ডান দিক ঘেঁষে স্টাডি টেবিলে মুখ গুঁজে ঘুমাচ্ছেন সম্মানিত অধ্যাপক। মালুম হয় যে রাত জেগে পড়াশোনার শ্রান্তি তাঁকে বিছানা পর্যন্ত পৌঁছে দেয়নি। সকাল হলো। ঘরণির ডাকে গৃহকর্তার ঘুম ভাঙল। মধ্যবিত্ত গেরস্তালির সাতসতেরো চলতে চলতে বৈঠকখানায় আনাগোনা চলতে থাকল হাসানের (আবদুল হাদী) মতো অতিথির। ছাত্ররাজনীতির শরিক তরুণ দলের। কথা–চালাচালির মধ্য দিয়ে আমরা গার্হস্থ্যজীবনের বৃত্তের ভেতরে ঢুকতে শুরু করলাম।

‘বৃত্তের বাইরে’ নাটকের একটি দৃশ্য। ছবি: কথাসুন্দরের সৌজন্যে

বুঝলাম যে বামপন্থী রাজনীতির সঙ্গে হারুনের একটি দীর্ঘ ও নিবিড় সম্পর্ক ছিল। হালে তিনি ডানের দিকে হেলে পড়েছেন। বুঝি জাগতিক পাওনা-গন্ডার হিসাব তাঁকে টানছে বেশি। এ নিয়ে তাঁর চেনাজানা পরিসরে কিঞ্চিৎ উৎকণ্ঠা তৈরি হলেও পুরোটা ভাঙছেন না হারুন। বরং সমাজে নারীর ক্ষমতায়ন নিয়ে একটি চোখা প্রবন্ধ উপস্থাপনের জন্য হঠাৎ উঠেপড়ে লেগেছেন। গোল বাধল যখন লাবণী ঠিক করলেন, বামপন্থী সাংস্কৃতিক কর্মীদের সংগঠিত একটি প্রতিবাদী মিছিলে তিনি যোগ দেবেন। ছাত্র–যুবদের সঙ্গে গলা মিলিয়ে ‘সংকোচের বিহ্বলতা নিজেরই অপমান’ গাইবেন। ঠিক করলেন, তাঁর পুরোনো একজন কমরেডের জন্য উল দিয়ে সোয়েটার বুনবেন। এ দুটি আপাততুচ্ছ সিদ্ধান্ত চৌধুরীদের কাচের স্বর্গে তুলকালাম বাধিয়ে দিল। যৌন ঈর্ষার হাত ধরে নখদাঁত বের করল পুরুষতন্ত্র। এক দিনের মধ্যে ভেঙে চুরমার হয়ে গেল সুখী গৃহকোণের বাঁধানো ছবি। খুলে গেল সাম্প্রদায়িক সম্প্রীতির আলগা বাঁধন। ‘বৃত্তের বাইরে’ বেরিয়ে এসে স্বয়ংসিদ্ধ হওয়ার পথ বেছে নিলেন লাবণী।

এমন নাটক আমরা আগে দেখিনি, তা নয়। কথাসুন্দরের এই প্রযোজনার জোরের দিক তার নির্দেশনা ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণে। ইবসেন ঘরানার মনোজাগতিক অনুসন্ধানে, কার্যকারণের যুক্তিগ্রাহ্যতায়। সামান্য এদিক-ওদিক হলেই ভারসাম্য নড়ে যেতে পারত। কুন্তল তা হতে দেননি। এ নাটকের প্রেক্ষাপট বছর তিরিশেক আগের হলেও (কারও হাতে মুঠোফোন আসেনি তখনো, বাম রাজনীতির স্রোত পথে আছড়ে পড়ার পরিসর মিলছে তখনো) দু–একটি সুতো ছেড়ে একালের পটভূমিতে ছুঁয়ে ফেলেছেন তিনি। আমরা একালের নাটক হিসেবেই ‘বৃত্তের বাইরে’কে দেখেছি এবং যে নিউ ওম্যানের পদধ্বনি বাংলাদেশের সামাজিক পরিসরে অনেক দিন ধরেই পাওয়া যাচ্ছে, তাদের দলের পেছনে ‘বৃত্তের বাইরে’র নায়িকাকে দেখতে পেয়েছি। কঙ্কন ও সুচরিত—দুজনই পোড়খাওয়া নট হওয়ায় পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো করে অভিনীত চরিত্রের ভেতরে ঢুকেছেন তাঁরা। দুই ঘণ্টা সময় আমাদের চুম্বকের মতো টেনে রেখেছেন। শব্দের সঙ্গে নৈঃশব্দ্যের চাপা লড়াই বাধিয়ে দেওয়া কুন্তলের সহজাত অভ্যাস। অসীম দাশের সংবেদী আলোক পরিকল্পনা মাঝেমধ্যেই আমাদের চোখকে টেনে নিয়ে গেছে রকিং চেয়ারের দোলনের দিকে, বেসিনের ওপর খোলা ট্যাপ থেকে বহমান জলধারার দিকে।

‘বৃত্তের বাইরে’ নাটকের একটি দৃশ্য। ছবি: কথাসুন্দরের সৌজন্যে

‘বৃত্তের বাইরে’ উদ্বোধনী মঞ্চায়নের সময় চট্টগ্রামজুড়ে পানি নিয়ে হাহাকার চলছিল। নাট্যবিভ্রমের এমনই মোহিনী মায়া যে বহমান জলধারার দিকে তাকিয়ে স্থির থাকতে পারেননি দ্বিতীয় সারিতে বসে থাকা এক তরুণী। পানির অহেতুক অপচয় আটকাতে স্বতঃপ্রণোদিত হয়ে এগিয়ে এসে ফোর্থ ওয়াল ভেঙে প্রসেনিয়ামে ঢুকে ট্যাপ বন্ধ করে দিয়েছিলেন। সেই মুহূর্তে আমাদের মনে হয়েছিল, মঞ্চনাটকের কী অসীম ক্ষমতা! কী অনায়াসে সে অপরের জীবনের সংকটকে নিজের জীবনের সংকটের সঙ্গে মিলিয়ে দিতে পারে। কী অনায়াসে এক পুরোনো চাল ভাতে বাড়তে পারে। নিটোল গল্পের মাদকতা চিরকালের। নিপুণ নির্দেশনাগুণে তা কত মনোহারী হতে পারে, কথাসুন্দরের দ্বিতীয় প্রযোজনা তার আদর্শ উদাহরণ।
অংশুমান ভৌমিক: নাট্যকার, গবেষক ও সমালোচক