ভাটি বাংলার বিলুপ্ত সংস্কৃতি নিয়ে ‘বাঘের শিন্নী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বাঘের শিন্নী’ নাটকের একটি দৃশ্য
ছবি : সংগৃহীত

ভাটি অঞ্চল, বিশেষ করে সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা ও ভারতের আসাম অঞ্চলে শীতের সময় আশপাশের জঙ্গল থেকে গ্রামে এসে হানা দিত বাঘ প্রজাতির নানা প্রাণী। এগুলোর হাত থেকে গ্রামবাসীকে রক্ষা করতে রাতভর পাহারা দিতেন রাখালেরা। সারা রাত আগুন জ্বালিয়ে, কখনো নানা প্রকার বাদ্যযন্ত্র বাজিয়ে শব্দ করে বাঘকে ভয় দেখানো হতো।

নাচ-গান, বাদ্যবাজনায় বাঘ তাড়ানোর এ বিষয় একসময় হয়ে ওঠে ‘বাঘের শিন্নী’র গান। বড় শিরনি আয়োজনের মাধ্যমে এর আনুষ্ঠানিকতা শুরু করতেন রাখালেরা।

‘বাঘের শিন্নী’ নাটকের একটি দৃশ্য
ছবি : সংগৃহীত

শিরনির সঙ্গে চলত গান। শোনা যেত, ‘আপদ-বিপদ যত আয়, রাখাইল্যারে আগে পায়।

আরও পড়ুন

বিপৎকালে দেখতে পাই, রাখাল ছাড়া বন্ধু নাই’—এ রকম গান ও ছড়া। বাঘ তাড়ানোকে কেন্দ্র করে সুনামগঞ্জের শাহ আরেফিন শাহর মাজারে শুরু হয় ‘বাঘের শিন্নী’ নামে শিরনি দেওয়ার রেওয়াজ।

ভাটি অঞ্চলের বিলুপ্তপ্রায় এ গানকেই মঞ্চে তুলে এনেছেন সিলেটের ভবতোষ রায় বর্মণ।

‘বাঘের শিন্নী’ নাটকের একটি দৃশ্য
ছবি : সংগৃহীত

গত শনিবার বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত শিশু–কিশোর, যুব নাট্য ও সাংস্কৃতিক উৎসবে প্রদর্শিত হয় ‘বাঘের শিন্নী’ নাটক। এ নাটকে পল্লিগানের পাশাপাশি রয়েছে গ্রাম্য ছড়া। রয়েছে ভয়ংকর একটি গল্প।

নাটকটি প্রসঙ্গে ভবতোষ রায় বলেন, ‘যুগ যুগ ধরে গ্রামের রাখালেরা দেশ ও সমাজকে রক্ষা করে আসছেন। মুক্তিযুদ্ধের সময় গ্রামের রাখালেরাই শত্রুপক্ষের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তোলেন। চাষাভুষা বা দুই কড়ার রাখাল বলে তাঁদের আমরা সমাজের নিম্নস্তরে রেখে দিই। অথচ তাঁদের হাতেই বাংলাদেশের রাজনীতি ও সংস্কৃতির রক্ষাকবচ। “বাঘের শিন্নী” নাটকে এ বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করেছি।’
‘বাঘের শিন্নী’ নাটকে অভিনয় করেছেন ফয়সাল খলিলুর রহমান, অপু সেনাপতি, এফ এম শিমুল হাসান, আলী রেজা হাসিব, প্রান্ত ধর, সংগীতা সিনহা, দেবী রাজলক্ষ্মী তালুকদার, শুভ্রদীপ দাশ, ধৃত তালুকদার, অসীম সরকার, জাকারিয়া আহমেদ, সুস্মিতা অ্যানি প্রমুখ।