সত্যের মুখোমুখি লেখক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাট্যসংগঠন এথিক মঞ্চে আনছে নতুন প্রযোজনা রাজদ্রোহী। আজ শুক্রবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে। নাটকটির রচয়িতা ও নির্দেশক রেজানুর রহমান বলেন, ‘রাজদ্রোহী আমাদের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার আখ্যান।’

রাজদ্রোহীর গল্প প্রসঙ্গে রেজানুর রহমান বলেন, ‘একজন লেখক সমাজে নানা ধরনের চরিত্র সৃষ্টি করেন। তাঁর লেখা পড়ে পাঠক সত্যের সন্ধান করবে, সত্যের পক্ষে দাঁড়াবে, লেখককে নিয়ে এমন ভাবনাই বুকের গভীরে লালন করি আমরা। হতে চাই প্রিয় লেখকের মতো। একজন লেখককে নিয়েই রাজদ্রোহী। তবে এই লেখককে দেখেই আমাদের আশা ভঙ্গ হতে শুরু করে।

সত্য নয়, মিথ্যাই এই লেখকের লেখালেখির মূল সুর। অবলীলায় মিথ্যা বলেন। মিথ্যা লেখেন। তাঁর উপন্যাসের সব চরিত্রই নেতিবাচক। ভালো কিছু তাদের চোখে পড়ে না। ভালোর মধ্যে সব সময় কালো খোঁজেন এই লেখক। খুন, রাহাজানি, অন্যায়–অনাচারের পক্ষে প্রকাশ্যে কথা বলেন। তাঁর উপন্যাসের চরিত্রগুলো একদিন তাঁরই বিরুদ্ধে খেপে ওঠে। মিথ্যার শক্তি দুর্বল হয়ে যায়। কঠিন সত্যের মুখোমুখি দাঁড়ান লেখক। এভাবেই এগোতে থাকে নাটকের গল্প।’

প্রতিষ্ঠার ১৩ বছর পার করছে এথিক। সংগঠনটি নাট্যচর্চার পাশাপাশি তরুণ নাট্যকর্মীদের উৎসাহ দিতে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে। চলতি বছর তারা ৫০ তরুণ নাট্যকর্মীর হাতে সম্মাননা স্মারক তুলে দেয়।