সৈয়দ মহিদুল স্মরণে দুই নাটক আজ
সৈয়দ মহিদুল ইসলাম স্বাধীনতা-উত্তর বাংলাদেশের মঞ্চনাটকে প্রথম সারির একজন। গাইড হাউস মিলনায়তন, মহিলা সমিতির মঞ্চে সৈয়দ মহিদুল ইসলামের অভিনয় দেখেছে বহু মানুষ। শিক্ষক হিসেবেও সুনাম ছিল তাঁর। অল্প কথায় সহজে বুঝিয়ে দিতেন কী করতে হবে, কীভাবে করতে হবে। অনেক চলচ্চিত্র পরিচালক মহিদুলের কাছে নিয়ে যেতেন তাঁদের ছবির নায়ক-নায়িকাদের প্রস্তুত করে দেওয়ার জন্য।
গুণী এই মানুষের ২০তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তাঁর গড়া ব্যতিক্রম নাট্যগোষ্ঠী শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে সন্ধ্যা ৭টায় এক স্মরণসভার আয়োজন করেছে। স্মরণসভা শেষে অভিনেতা নির্দেশক নাট্যকার সৈয়দ মহিদুল ইসলাম নির্দেশিত ‘পিছু ডাক’ নাটকের মঞ্চায়ন করবে ব্যতিক্রম নাট্যগোষ্ঠী।
শরদিন্দ্যু বন্দোপাধ্যায়ের মূল গল্প অবলম্বনে ‘পিছু ডাক’ নাটকটি নির্মিত হয়েছে। এ ছাড়া মনোজমিত্রের লেখা এবং সাইফুল ইসলামের নির্দেশনায় ‘পাখি’ নাটকের মঞ্চায়ন করবে দলটি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর বর্তমান সভাপতি সৈয়দা নওশীন ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে সাইফুল ইসলাম।
১৯৭৭ সালে দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) থেকে নাট্যতত্ত্বে স্নাতকোত্তর করে এসেছিলেন সৈয়দ মহিদুল ইসলাম। সহপাঠী হিসেবে সেখানে পেয়েছিলেন রাজ বাব্বর, স্মিতা পাতিল, নাসিরউদ্দিন শাহকে। তাঁর সেই পড়াশোনা ঢাকার নাটককে সমৃদ্ধ করতে কাজে দিয়েছিল। ১৯৮৪ সালে ঢাকায় তিনি চালু করেছিলেন ‘স্কুল অব অ্যাকটিং’। অভিনয় শিখে ঢাকার ছেলেমেয়েরা অভিনয়শিল্পী হবে, এই ছিল তাঁর স্বপ্ন।
তিনি নিজে লিখতেন, বিদেশি নাটক অনুবাদ করতেন, নির্দেশনা দিতেন, স্টেজ সাজাতেন। তাঁর নাটকে বড় জাঁকজমক সেট থাকত না, অভিনয়টাই সেখানে গুরুত্ব পেত। নিজে অভিনয় করেছেন টিভি নাটকে, চলচ্চিত্রে। এমনকি চলচ্চিত্র নির্মাণও করেছেন তিনি। তাঁর নির্মিত ছবি দুটি হলো ‘আমি কার’ ও ‘স্বপ্নযাত্রা’। তাঁর জন্ম ১৯৪৬ সালের ১ জানুয়ারি, বাগেরহাটেরই ফকিরহাটে। ২০০২ সালের ২৩ আগস্ট তিনি মারা যান।