ইতালিতে ‘পিয়ার আলির ভাঙা মুখ’
আন্তর্জাতিক নাট্যোৎসব ভেরোনা শেক্সপিয়ার ফ্রিঞ্জ ফেস্টিভ্যালের সমাপনী দিন রোববার। এ উৎসবে গ্রিস, ইতালি, ইউক্রেন, নরওয়ে, জর্জিয়া ও সার্বিয়ার নাটকের পাশাপাশি মঞ্চস্থ হচ্ছে বাংলাদেশের নাটক ‘পিয়ার আলির ভাঙা মুখ’। ইতালির ভেরোনা শহরের টিয়েট্রো ক্যামপ্লয় থিয়েটারে সন্ধ্যা ছয়টায় শাহমান মৈশানের নির্দেশনায় ‘পিয়ার আলির ভাঙা মুখ’ নাটকটি মঞ্চায়িত হবে। ২২ আগস্ট ইতালিতে শুরু হয়েছিল সাত দিনব্যাপী এই উৎসব।
মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার ঘটনা নিয়ে নির্মিত নাটকটির রচনা ও পরিকল্পনায় ছিলেন শাহমান মৈশান। যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে শেক্সপিয়ার ইনস্টিটিউটের সঙ্গে সন্ধানী আর্টস ও বাংলা কানেকশন যৌথভাবে নাটকটি প্রযোজনা করেছে। এতে একক অভিনয় করেছেন তারেক চৌধুরী। নাটকের ধ্বনি ও ডিজিটাল চিত্র রূপায়ণ করেছেন চলচ্চিত্রকার মকবুল চৌধুরী। নাটকটি প্রসঙ্গে শাহমান মৈশান জানান, ‘পিয়ার আলির ভাঙা মুখ’ নাটকটিতে গণহত্যার শিকার মানুষের সত্তার গভীরতম বেদনা রূপায়িত হয়েছে। ভগ্নাংশে পরিণত পরিচয়হীন মানুষের স্বরূপের খোঁজে এক অনন্ত ছুটে চলার উন্মোচন ঘটেছে এই নাটকে।
নাটকটিতে দেখা যাবে, ১৯৭১ সালে পিয়ার আলির বাবা এক গ্রামীণ কবি পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে হত্যার শিকার হন। প্রায় ৪০ বছর পর পালক মায়ের ডায়েরির সূত্রে পিয়ার আলি বাংলাদেশের এক বধ্যভূমিতে আসে বাবার স্মৃতিফলক স্পর্শের আশায়। কিন্তু পিয়ার আলি সেই স্মৃতিফলক খুঁজে পায় না। তার সঙ্গে দেখা হয় একাত্তরের নিপীড়িতা এক নারী নমিতা রানীর। তাঁর কাছ থেকে পিয়ার আলি জানতে পারে, তার মা কুলসুম বিবিও পাকিস্তানি বাহিনীর হাতে ধর্ষণের শিকার হন। তিনি এক কন্যাসন্তানের জন্ম দিয়ে একদিন নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।
আত্মহত্যা করার আগে কুলসুম বিবি জেনে যান, তাঁর ছেলে পিয়ার আলি হারিয়ে গেছে এবং তাঁর স্বামীকে হানাদার বাহিনী হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছে। নমিতা রানীর কাছ থেকে কন্যাশিশুটিকে সুইডিশ একটি পরিবার দত্তক নেয়।
সেই বোনের ছবি, ঠিকানা আর মায়ের শেষ চিহ্ন নিয়ে পিয়ার আলি জীবনের আরেক বাঁকে এসে দাঁড়ায়। এবার তার উদ্দেশ্য সেই বোনকে ফিরে পাওয়া। শুরু হয় পিয়ার আলির নতুন যাত্রা।
পুরো নাটকটিতে একজন অভিনেতা অভিনয় করেছেন। আর একাত্তরের আবহ তৈরি করতে ডিজিটাল ইমেজ ব্যবহার করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজের সহকারী অধ্যাপক শাহমান মৈশান বর্তমানে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের শেক্সপিয়ার ইনস্টিটিউটে পিএইচডি গবেষণা করছেন। ‘পিয়ার আলির ভাঙা মুখ’ তাঁর গবেষণার অংশ হিসেবে নির্মিত হয়েছে। দক্ষিণ এশিয়ায় ইংরেজ উপনিবেশ বিস্তারের সাংস্কৃতিক প্রক্রিয়ায় শেক্সপিয়ার–চর্চা, আধুনিক নাট্যচর্চার বিকাশ ও বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়কে একই সমান্তরালে পাঠের লক্ষ্যে পরিচালিত হচ্ছে এই গবেষণা।
শাহমান মৈশানের পিএইচডি গবেষণার ব্যবহারিক প্রকাশ নাটক ‘পিয়ার আলির ভাঙা মুখ’। রোমান স্থাপত্যরীতির অপূর্ব নিদর্শন টিয়েট্রো ক্যামপ্লয় মঞ্চে এই নাটকের প্রদর্শনীর পর দর্শকের প্রতিক্রিয়া জানার জন্য একটি লিখিত প্রশ্নের মাধ্যমে ভেরোনা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় একটি সমীক্ষা পরিচালনা করা হবে। উৎসব শেষে বর্তমান সময়ে শেক্সপিয়ারের নাটকের অন্য সম্ভাবনা ও গণহত্যার নাট্যিক রূপায়ণ বিষয়ে দর্শকের সঙ্গে ভাবনা বিনিময় করবেন নাট্যকার ও গবেষক শাহমান মৈশান।