প্রেমের নামে এখন সবই হচ্ছে, শুধু প্রেমই হচ্ছে না...
প্রেমের নামে অনেক কিছুই হচ্ছে, কিন্তু প্রেমটাই কি হচ্ছে? সম্পর্কের চাওয়া-পাওয়ার হিসাবের ভিড়ে দুজন মানুষ কি একজন আরেকজনের আশ্রয়, আস্থা কিংবা নিরাময়ের জায়গা হয়ে উঠতে পারছেন? এমন প্রশ্ন আর দুজন পরিণত মানুষের সম্পর্কের গল্প নিয়ে মঞ্চে এল হান্ট থিয়েটারের নতুন নাটক ‘তবুও প্রেম আসে’। গত বুধবার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটকটির দুটি প্রদর্শনী হয়। নাটকটির গল্প ও নির্দেশনায় ডায়না ম্যারেলিন, নাট্যরূপ দিয়েছেন শাফী বিন কবির।
কথা হয় নির্দেশকের সঙ্গে। ‘তবুও প্রেম আসেতে’ ভালোবাসাকে শুধু আবেগ কিংবা চাওয়া-পাওয়ার সমীকরণ হিসেবে দেখেননি তিনি, দুজন পরিণত মানুষের সম্পর্কে একজন আরেকজনের আরাম, আশ্রয় ও আস্থার জায়গা হয়ে ওঠার গল্প বলতে চেয়েছেন।
ডায়না ম্যারেলিন বলেন, ‘আমরা একটা প্রেমের গল্প বলতে চেয়েছিলাম। কিন্তু প্রেমের গল্প বলতে গিয়ে দেখি, প্রেমের নামে এখন সবই হচ্ছে, শুধু প্রেমই হচ্ছে না! দুজন পরিণত মানুষ একজন আরেকজনের আরাম হবে, বিশ্রামের জায়গা হবে, আস্থার ঠিকানা হবে। একজন আরেকজনকে নিরাময় করতে তার ক্ষতে প্রলেপ দেবে। এই সহজ সত্য দূরে সরিয়ে আমরা চাওয়া-পাওয়ার হিসাব মেলাতে ব্যস্ত হয়ে আছি।’
প্রেমকে জীবনের স্বাভাবিক অনুষঙ্গ হিসেবে দেখতে চেয়েছেন নির্দেশক। তাঁর ভাষায়, ‘প্রেম তো আর আলাদা কিছু নয়, এটা একটা লাইফস্টাইল। নিত্যদিনের ব্যস্ততায় একটুকরা খোলা আকাশ, একটা বিশ্বস্ততার সিলমোহর। ক্ষণস্থায়ী হোক বা দীর্ঘস্থায়ী, মুখোমুখি প্রেম বা দূরত্বের সম্পর্ক, একসঙ্গে বুড়ো হওয়া কিংবা তীব্র ভালোবাসা—সম্পর্কে এটুকু সততা তো রাখাই যায়।’
নাটকটিতে অভিনয় করেছেন সারাহ জেবীন, সুপ্তি দাস, ডায়না ম্যারেলিন, নিয়ন আহসান, সাইম বিন মুজিব ও জেরম প্রজ্ঞা। গানে কণ্ঠ দিয়েছেন সুমেল চৌধুরী, সাজ্জাদ কবির ও রেশমী চাকমা।
হান্ট থিয়েটার এর আগে গত এপ্রিলে মঞ্চে এনেছিল ‘ক্যাফে দ্য ভলতে’। প্রচলিত মঞ্চভাষার বাইরে গিয়ে উপস্থাপনার ধরন, নির্দেশনা ও অভিনয়ের কারণে প্রযোজনাটি ঢাকার মঞ্চপাড়ায় আলোচনা তৈরি করেছিল। সেই অভিজ্ঞতার পর এবার ‘তবুও প্রেম আসে’ দিয়ে সম্পর্ক ও ভালোবাসার গল্প মঞ্চে আনল তারা।