স্থবিরতা কাটিয়ে আবার ব্যস্ত মঞ্চপাড়া
স্থবিরতা কাটিয়ে আবার সরব হয়ে উঠছে রাজধানীর মঞ্চ। প্রায় প্রতিদিনই মঞ্চস্থ হচ্ছে নাটক। গতকাল বুধবারই যেমন মঞ্চস্থ হয়েছে একাধিক নাটক, আজও ছিল নাটক।
ঢাকার মঞ্চে আবারও এসেছে নাট্যদল আপস্টেজের প্রযোজনা ‘রাত ভ’রে বৃষ্টি’। বুদ্ধদেব বসুর উপন্যাস অবলম্বনে লেখা নাটকটি প্রথম মঞ্চে আসে ২০১৯ সালের ১৯ জুলাই। আর সর্বশেষ মঞ্চস্থ হয় ২০২০ সালের ৪ মার্চ। নতুন উদ্যমে নাটকটি আবার মঞ্চায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ১ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে তিন দিনে নাটকটির চারটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় ছিল প্রথম শো। আজ বৃহস্পতিবার একই সময়ে এবং আগামীকাল শুক্রবার বিকেল ৫টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় বাকি দুটি প্রদর্শনী। নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। অভিনয়ে আছেন কাজী রোকসানা রুমা, প্রশান্ত হালদার ও রঞ্জন দে সাথী।
নাট্যশালার মঞ্চে ফিরেছে প্রাঙ্গণেমোর
প্রায় দুই বছর পর জাতীয় নাট্যশালার মঞ্চে ফিরেছে প্রাঙ্গণেমোর। ১ থেকে ৩ এপ্রিল টানা তিন দিন শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হচ্ছে তাদের দুটি প্রযোজনা—‘শেষের কবিতা’ ও ‘টিনের তলোয়ার’।
গতকাল মঞ্চস্থ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে নাটক ‘শেষের কবিতা’। অনন্ত হিরার নাট্যরূপে নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। আজ ছিল ‘টিনের তলোয়ার’। উৎপল দত্তের নাটকটি নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা। উনিশ শতকের বাংলা থিয়েটারের প্রেক্ষাপটে লেখা নাটকটির বক্তব্য এখনো সমান প্রাসঙ্গিক বলে মনে করেন নির্দেশক।
জাতীয় নাট্যশালায় সুযোগ না পেলেও বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে নিয়মিত প্রদর্শনী চালিয়ে গেছে প্রাঙ্গণেমোর। তবে নাট্যকর্মীদের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত শিল্পকলার মূল মিলনায়তনে ফিরে আসাকে বিশেষভাবে উদ্যাপন করছেন তাঁরা।
সমাপনী প্রযোজনা
গতকাল ছিল আরও একটি বিশেষ আয়োজন। জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হয় আরণ্যক থিয়েটার পাঠশালার প্রযোজনা ‘গানের পাখি’। নাটকটি লিখেছেন আবুল মোমেন এবং নির্দেশনা দিয়েছেন রুবলী চৌধুরী। আরণ্যক থিয়েটার পাঠশালা নিয়মিত কর্মশালার আয়োজন করে থাকে। ২৩তম কোর্সের অংশগ্রহণকারীদের সমাপনী প্রযোজনা হিসেবে মঞ্চে এসেছে গানের পাখি।
সব মিলিয়ে বলাই যায়, আবারও পুরোনো ছন্দ ফিরে পাচ্ছে ঢাকার থিয়েটার।