ভৈরব ও কিশোরগঞ্জ যাচ্ছে ‘ভাগের মানুষ’
ভৈরব ও কিশোরঞ্জের দুটি নাট্যোৎসবে অংশ নিতে শুক্রবার ঢাকা ছাড়বে নাটদল ‘সময়’। উৎসবে দলটি তাদের জনপ্রিয় প্রযোজনা ‘ভাগের মানুষ’–এর দুটি প্রদর্শনী করবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার ২ জুন সন্ধ্যায় ভৈরবের জিল্লুর রহমান পৌর মিলনায়তনে নাট্য সংগঠন নিবেদিতা নাট্যাঙ্গন আয়োজিত ‘বাংলাদেশ-ভারত মৈত্রী নাট্যোৎসব’–এর দ্বিতীয় দিনে নাটক পরিবেশন করবে ‘সময়’। পরের দিন শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে একতা নাট্যগোষ্ঠী আয়োজিত ‘মলয় কর স্মৃতি নাট্যোৎসব’–এর দ্বিতীয় দিনে ‘ভাগের মানুষ’ নাটকের আরেকটি প্রদর্শনী করবে দলটি।
উর্দু সাহিত্যের জনপ্রিয় লেখক সা’দত হাসান মান্টোর ছোটগল্প ‘টোবাটেক সিং’ অবলম্বনে ‘ভাগের মানুষ’ নাটকটির নাট্যরূপ দিয়েছেন প্রয়াত নাট্যজন মান্নান হীরা এবং নির্দেশনা দিয়েছেন আলী যাকের।
এটি ‘সময়’–এর ২৬তম প্রযোজনা। ১৯৯৭ সাল থেকে দেশে ও দেশের বাইরে নাটকটির প্রদর্শনী করে আসছে সময়। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন পাভেল ইসলাম, আকতারুজ্জামান, ইয়ামিন জুয়েল, রেজাউর রহমান রিজন, ফখরুল ইসলাম, মাহমুদুল আলম, মানসুরা রশীদ, তোফায়েল সরকার, সুনীতা বড়ুয়া, আলমগীর হোসেন, সাবিহা সুলতানা শিমু, মমিনুল হক সানী, সাইফুল ইসলাম, চন্দন বোস, রাকিবুল হাসান, সাঈফুর রহমান প্রমুখ।
‘১৯৪৭ সালের দেশ বিভাগের কয়েক বছর পরের ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা যেমন কমেনি, সাম্প্রদায়িক বিষবাষ্পের তেজ তখনো নিভে যায়নি। কিন্তু ভৌগোলিক সীমাবদ্ধতায় মানুষকে বেঁধে ফেলে একধরনের নাগরিক স্বস্তি দেওয়ার প্রয়াস শুরু হয়েছে মাত্র। অথচ হতাশা, ক্ষোভ, যন্ত্রণা, প্রিয়জন হারানোর বেদনা তখনো জ্বলজ্বল করছে মানুষের বুকে।
মানুষের ভলোবাসা, বন্ধুত্ব, প্রেমকে দ্বিখণ্ডিত করে উপমহাদেশের এই মাটিতে রচিত হয় পাকিস্তান ও ভারত নামের দুটি রাষ্ট্র। অথচ দেশভাগ মানেই তো মানুষের ভাগ, মানচিত্রের ভাগ, ভূগোলের ভাগ। শুরু হয় দুই দেশের মধ্যে বিনিময় বিনিময় খেলা। মানুষের বিনিময়ে মানুষ, ধর্মের বিনিময়ে ধর্ম, পাগলের বিনময়ে পাগল।’ এমন গল্পই দেখা যাবে ‘ভাগের মানুষ’ নাটকটিতে।