অনলাইনে গঙ্গা-যমুনা উৎসবের টিকিট

আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব। নয় দিনের এই উৎসব হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা ও পরীক্ষণ থিয়েটার হলে। অনলাইনে টিকিট চাই ডটকম (www. ticketchai. com) থেকে এ উৎসবের সব টিকিট কেনা যাবে।
এ উৎসবের উদ্বোধন করবেন ভারতের প্রখ্যাত নাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্ব সৌমিত্র চট্টোপাধ্যায় এবং বাংলাদেশের প্রখ্যাত নাট্যজন ফেরদৌসী মজুমদার। উদ্বোধনের পর এবং দ্বিতীয় দিন সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাটকের দল সংস্তবের দুটি নাটক মঞ্চস্থ হবে। শুক্রবার সন্ধ্যা ছয়টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই উৎসবের উদ্বোধনীতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন।
উদ্বোধনের দিন শুক্রবার নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের দল সংস্তবের ছাড়িগঙ্গা। আর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে একই সময়ে মঞ্চস্থ হবে প্রাচ্যনাটের নাটক ট্র্যাজেডি পলাশবাড়ি।
উদ্বোধনী অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে। এই উৎসবে মঞ্চস্থ হবে ঢাকার ১২টি, চট্টগ্রাম ও রাজশাহীর একটি করে মোট ১৪টি নাটক এবং ভারতের তিনটি নাট্যদলের ৪টি নাটক।