অনির্বাণ একুশে নাট্যমেলায় 'নীলাখ্যান'

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘সাপুড়ে’ গল্প অবলম্বনে নাটক ‘নীলাখ্যান’। আজ চুয়াডাঙ্গা জেলার দর্শনার পৌর মাঠে ‘অনির্বাণ একুশে নাট্যমেলা’র অংশী হয়ে নাটকটি মঞ্চায়িত হবে।
২১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আট দিনব্যাপী নাট্যমেলায় প্রথম দিনে ছিল শিশুদের বর্ণ লেখন, বাক্য লেখন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও কলকাতার গানের দল আরশীনগরের গান। প্রতিদিন বিকেলে থাকছে স্কুল-কলেজের দলীয় পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যায় থাকছে নাট্য প্রদর্শনী। উৎসবে দেশের ও দেশের বাইরের ছয়টি দল পরিবেশন করছে সাতটি নাটক। আগামীকাল ২৫ ফেব্রুয়ারি ঢাকার শব্দ নাট্যচর্চা কেন্দ্র মঞ্চস্থ করবে ‘বীরাঙ্গনার বয়ান’, ২৬ ফেব্রুয়ারি কলকাতার রবীন্দ্রনগর নাট্যায়ূধ পরিবেশন করবে ‘চক্রব্যূহ’ এবং ২৭ ফেব্রুয়ারি ‘ছৌ ম্যাকবেথ’। এ ছাড়া ২৮ ফেব্রুয়ারি চারজন গুণীজনকে সম্মাননা এবং সংগীতায়োজনের মধ্য দিয়ে উত্সব শেষ হবে। আজ মহাকাল নাট্য সম্প্রদায় পরিবেশন করবে নাটক ‘নীলাখ্যান’।
নাটকটির নির্দেশনা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ইউসুফ হাসান। কাজী নজরুল ইসলামের গল্প থেকে নাট্যরূপ দিয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনন জামান। মহাকাল নাট্য সম্প্রদায়ের ৩৬তম প্রযোজনা নাটকটি। অভিনয় করেছেন পলি বিশ্বাস, মনামী ইসলাম, লিঠু মণ্ডল, জেরিন তাসনীম, কোনাল আলী, সোনিয়া ইসলাম, ফেরদৌস ইকরাম, ইকবাল চৌধুরী, জাহিদুল কামাল, মো. শাহনেওয়াজ, মীর জাহিদ হাসান প্রমুখ।