অনুস্বরের নিজস্ব স্টুডিওতে দুই নাটক আজ

‘হুতাশ মরণ’ নাটকের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের থিয়েটারে মঞ্চসংকট বহুদিনের। তাই অনেক দলই নিয়মিত নাটকের প্রদর্শনী করতে পারে না। এ ছাড়া নিজস্ব জায়গার অভাবে নাটকের মহড়াও বাধাগ্রস্ত হয়। এই সংকট থেকে উত্তরণে নাট্যদল অনুস্বর প্রতিষ্ঠা করেছে নিজস্ব স্টুডিও। যেখানে মহড়াসহ দলীয় নানা কার্যক্রমের পাশাপাশি নিয়মিত প্রদর্শনী হচ্ছে।
আজ শুক্রবার সন্ধ্যা সাতটায় অনুস্বর স্টুডিওতে দুই নাটকের প্রদর্শনী রয়েছে, ‘জীবন’ও ‘হুতাশ মরণ’। নাটক দুটির নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। এর মধ্যে ‘জীবন’ নাটকটির গল্প মৃগাঙ্ক ভট্টাচার্যের। নাটকের গল্পে দেখানো হয়েছে মহাকালের তুলনায় যত ক্ষুদ্রতায় গঠিত হোক না মানুষের জীবন, একক হিসেবে সে জীবন প্রত্যেকের কাছে এক মহাজীবন। মানুষের যাপিত সে মহাজীবনের সবটুকুই কি বেঁচে থাকা?

এমন প্রশ্নের মুখোমুখি করে নাটকে বলা হয়েছে, জীবনের যে অংশ আনন্দে উদ্‌যাপিত হয় না, তা এক অর্থে মৃত্যুর শামিল। তাই জীবনের অন্য নাম বোধ হয় আনন্দে বেঁচে থাকা।

‘জীবন’ নাটকের একটি দৃশ্য। ছবি : সংগৃহীত

অন্যদিকে সংগৃহীত গল্প থেকে করা ‘হুতাশ মরণ’ নাটকটি লিখেছেন মোহাম্মদ বারী। নাটকে দেখা গেছে, হুজুগে বাঙালির নানান কর্মকাণ্ড ব্যক্তি থেকে শুরু করে সমাজ বা রাষ্ট্র পর্যন্ত বিস্তৃত।

‘হুতাশ মরণ’ নাটকটি লিখেছেন মোহাম্মদ বারী

নিয়ন্ত্রণহীন আবেগের হুজুগ তৈরি করে অনাসৃষ্টি। বাস্তবতার নিরিখে আমাদের উপলব্ধি হয় হুজুগে ঘটে যাওয়া ঘটনার পর, তখন হয়তো আর কোনো কিছুই করার থাকে না, আফসোস ছাড়া। বাঙালির চিরায়ত হুজুগে স্বভাব কখনো কখনো মৃত্যুকেও তিরস্কার করে।
৬৭/৪, পাইওনিয়র রোড, সেগুনবাগিচা, কাকরাইল অনুস্বর স্টুডিওতে আজ সন্ধ্যায় নাটক দুটি দেখা যাবে।

নাটক দুটির নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন