অন্তত দুই শ দর্শক ফেরত গেছে!

গত শুক্রবার বিকেল থেকে রাজধানীর চিত্রটা বদলে যায়। চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ঢাকা সফরকে কেন্দ্র করে রাজপথে যান চলাচলের ওপর নিয়ন্ত্রণ করা হয়।
এমন পরিস্থিতিতে শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটারে অনুষ্ঠিত হলো নতুন নাটক ‘রাজার চিঠি’র উদ্বোধনী প্রদর্শনী। ঘোষণা অনুযায়ী সব অতিথি উপস্থিত হয়েছিলেন। মিলনায়তন ছিল কানায় কানায় পূর্ণ। দলের সাধারণ সম্পাদক স্মরণ সাহা আলাপকালে দাবি করলেন, ‘দর্শকসারিতে জায়গা না পেয়ে আরও অন্তত দুই শ দর্শক ফেরত গেছে। খুব শিগগির আমরা আবার প্রদর্শনী করব।’

নাটকটির পটভূমি ১৯৩৯ সালের। শাহজাদপুরের হরিদাস বসাকের একটি চিঠির উত্তর লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই চিঠি এবং রবীন্দ্রসাহিত্যের প্রভাবে হরিদাস বসাকের জীবন রবীন্দ্রনাথের ‘ঠাকুরদা’ চরিত্রের মতো হয়ে ওঠে। এই কাহিনি নিয়েই ‘রাজার চিঠি’ নাটকটি লেখা।
নাটকটি লিখেছেন মাহফুজা হিলালী এবং নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ।
নাটকটি মঞ্চায়নের আগে ছিল উদ্বোধনের আনুষ্ঠানিকতা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ এনামুর রহমান। প্রদর্শনীর উদ্বোধন করেন আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউটের সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার। বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহসভাপতি ঝুনা চৌধুরী ও মহাসচিব আকতারুজ্জামান এবং পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস।

বক্তারা বলেন, ‘অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। ধর্মীয় উন্মাদনা, সামাজিক অসহিষ্ণুতা, পারস্পরিক দ্বন্দ্ব আর অর্থলালসা সমাজটাকে অদৃশ্য ঘুণে ধরা পোকার মতো কুরে কুরে খাচ্ছে। এমনই এক সময়ে দাঁড়িয়ে “রাজার চিঠি” নাটকটি নির্দেশনার জন্য বেছে নিতে যথার্থ মনে হয়েছে। একমাত্র রবীন্দ্রচর্চাই পারে বর্তমান সমাজকে পথ দেখাতে। আজ বড় বেশি প্রয়োজন একটি “রাজার চিঠি” এবং তার আদর্শকে আঁকড়ে রাখা দেশপ্রেমিক হরিদাস বসাকের মতো মানুষের।’
‘রাজার চিঠি’ জাগরণী থিয়েটারের ১৫তম প্রযোজনা। অভিনয় করেছেন স্মরণ সাহা, মাহমুদা ইয়াসমিন, সুইটি চৌধুরী, শাহানাজ শারমিন খান, ইয়াসিন শামীম, বাহারুল ইসলাম, রফিকুল ইসলাম, সজীব ঘোষ প্রমুখ।