আজ থেকে নান্দীমুখের আন্তর্জাতিক নাট্যোত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রামের নাট্যদল নান্দীমুখ আয়োজন করছে নাট্যোৎসব। আজ শুক্রবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতে শুরু হচ্ছে নান্দীমুখের নয় দিনব্যাপী আন্তর্জাতিক নাট্যোৎসব। এতে ভারত, নেপাল, নরওয়ে ও বাংলাদেশের নয়টি দলের নাটক প্রদর্শিত হবে।
আজ উদ্বোধনী দিনে প্রধান অতিথি থাকবেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান। উৎসব উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। অতিথি হিসেবে থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
শুরুর দিনে ভারতের আসাম রাজ্যের নাট্যদল অসম রঙ্গকথা পরিবেশন করবে নাটক সূত্র। উত্সবে আরও প্রদর্শিত হবে নেপালের মান্দালা থিয়েটারের নাটক সারজামিন, ভারতের গোবরডাঙ্গা নকশার বিনোদিনী, প্রাচ্য নাট্যদলের স্বপ্ন, ঢাকার নাট্যতীর্থের কঙ্কাল, নরওয়ের দ্য সামি ন্যাশনাল থিয়েটারের আই এম আনান্না, নান্দীমুখের তবুও মানুষ, ভারতের আত্মপরিচয়ের এলাদিদি ও নাগরিক নাট্যসম্প্রদায়ের দেওয়ান গাজীর কিস্সা।
এ আয়োজনের কথা জানাতে গিয়ে নান্দীমুখের দলপ্রধান অভিজিৎ সেনগুপ্ত বললেন, ‘আমাদের ২৫ বছরের এই যাত্রাকে স্মরণীয় করতে উৎসবকে আমরা নাটক–অন্তঃপ্রাণ মানুষের মিলনমেলায় পরিণত করতে চাই। নাটক প্রদর্শনী ছাড়াও আমরা এ দেশের ছয়জন নাট্যব্যক্তিত্বকে সংবর্ধনা দেব। তাঁরা হলেন রাজশাহীর মলয় ভৌমিক, বরিশালের সৈয়দ দুলাল, চট্টগ্রামের নাট্যকার ও নির্দেশক রবিউল আলম, অধ্যাপক ম সাইফুল আলম চৌধুরী, অভিনেতা আকবর রেজা এবং ভারতীয় নাট্যকার ও নাট্য গবেষক আশীষ গোস্বামী।’