আজ থেকে নৃত্যনাট্য উৎসব

শুরুটা হবে হাজার তারের বীণা নৃত্যনাট্য দিয়ে। যেখানে মঞ্চে ‘মন্দিরা’ চরিত্রে দেখা যাবে মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌকে। নৃত্যনাট্যটির পরিচালক ফারজানা চৌধুরী। আর ৩১ জানুয়ারি উৎসবের শেষ পরিবেশনাটি শ্যামা। নৃত্যনাট্য উৎসব উপলক্ষে নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব প্রথমবারের মতো তাঁর এই প্রযোজনাটি মঞ্চে আনছেন।
এ তো গেল শুরু আর শেষের কথা। মাঝে আরও অনেক গল্প মঞ্চে উঠে আসবে নাচ আর গানের মধ্য দিয়ে, যার মধ্যে আছে মহুয়া, গুনাই বিবি, কবর, ভেলুয়া সুন্দরী, ভানু সিংহের পদাবলী, বিস্ময়ে জাগে প্রাণসহ আরও আটটি নৃত্যনাট্য।
পাঁচ দিনব্যাপী প্রথম জাতীয় নৃত্যনাট্য উত্সবের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা। এ উত্সবে প্রতিদিন তিনটি নৃত্যনাট্য মঞ্চায়িত হবে। তবে প্রথম দিন থাকছে দুটি পরিবেশনা। নৃত্যশিল্পী শুভ্রা দের প্রযোজনা মায়ার খেলা প্রথম দিন মঞ্চায়িত হওয়ার কথা থাকলেও আজ এর প্রদর্শনী বাতিল হয়েছে বলে জানান শুভ্রা।
আজ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর উত্সবটির উদ্বোধন করবেন।