আজ থেকে রাঢ়াঙ উৎসব

‘শুনি দূরাগত মাদলের ধ্বনি’ স্লোগানে আজ থেকে শুরু হচ্ছে রাঢ়াঙ উৎসব ২০১৫। আরণ্যক নাট্যদলের এই নাটকটির ১৫০তম প্রদর্শনী উপলক্ষে আয়োজন করা হয়েছে এ উৎসবের। তিন দিনের উৎসবটি চলবে আগামী ১ আগস্ট পর্যন্ত। আজ সন্ধ্যা ছয়টায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা চত্বরে উৎসবটির উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। সন্ধ্যা সাতটায় প্রদর্শিত হবে মামুনুর রশীদের রচনা ও ফয়েজ জহিরের নির্দেশনায় নাটক ভঙ্গবঙ্গ।
পরদিন পরীক্ষণ থিয়েটার হলে একই সময়ে প্রদর্শিত হবে রাঢ়াঙ-এর ১৫০তম প্রদর্শনী। উৎসবের অংশ হিসেবে ১ আগস্ট সকাল ১০টায় আয়োজন করা হয়েছে ‘বহুত্ববাদী সমাজে আদিবাসী সংস্কৃতির বিকাশ’ শীর্ষক সেমিনার। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সেমিনার হলে আয়োজন করা হয়েছে এটি। এদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে দেওয়া হবে ‘দিপু স্মৃতি পদক’। সন্ধ্যা সাতটায় জাতীয় নাট্যশালায় প্রদর্শিত হবে হারুন রশিদের রচনা ও মামুনুর রশীদের নির্দেশনায় নাটক স্বপ্নপথিক। এ ছাড়া উৎসবে থাকছে আদিবাসী ও নাট্যকর্মীদের সম্মিলনে আদিবাসী সংগীত ও নৃত্য।