আজ থেকে 'থিয়েটার সপ্তাহ ২০১৫'
আজ থেকে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে পরপর সাত দিন নাটকের দল থিয়েটারের সাতটি নাটক মঞ্চস্থ হবে। ‘সবার ওপরে জীবন সত্য’ স্লোগানে আজ শুক্রবার শুরু হচ্ছে ‘থিয়েটার সপ্তাহ ২০১৫’।
থিয়েটারের দলীয় প্রধান রামেন্দু মজুমদার বলেন, ‘মুক্তিযুদ্ধে বিজয়ের উন্মাদনা যখন আমাদের সবার হৃদয়ে, তখনই সমমনা কয়েকজন মিলে গঠন করি থিয়েটার। উদ্দেশ্য দুটি—নিয়মিত ভালো নাটক প্রযোজনা এবং একটি নাটকের পত্রিকা প্রকাশ করা। গত ৪৪ বছরের পথপরিক্রমায় আমরা ৪৫টি নাটক প্রযোজনা করেছি; এবারের উত্সবে প্রথম মঞ্চস্থ হবে ৪৬তম প্রযোজনা মায়া নদী।’
রামেন্দু মজুমদার জানান, নাটকের ক্ষেত্রে কৃতী মানুষদের সম্মাননা জানানোর জন্য থিয়েটার প্রবর্তন করেছে দুটি পদক—মুনীর চৌধুরী সম্মাননা (১৯৮৯ থেকে) এবং মোহাম্মদ জাকারিয়া স্মৃতি পদক (১৯৯৭ থেকে)।
উদ্বোধনী অনুষ্ঠানের পর সন্ধ্যা সাতটায় মঞ্চায়ন হবে কোকিলারা। ৫ ডিসেম্বর দলের মায়া নদী নাটকের উদ্বোধনী মঞ্চায়ন। ৬ ডিসেম্বর কুহুকজাল, ৭ ডিসেম্বর মুক্তধারা, ৮ ডিসেম্বর পায়ের আওয়াজ পাওয়া যায়। ৯ ডিসেম্বর বারামখানা–এর মঞ্চায়ন হবে। সমাপনী আয়োজনের অংশ হিসেবে ১০ ডিসেম্বর বিকেল চারটায় অনুষ্ঠিত হবে ‘থিয়েটার পত্রিকার চল্লিশ বছর’ শীর্ষক সেমিনার। সমাপনী সন্ধ্যায় মঞ্চায়ন হবে নাটক মেরাজ ফকিরের মা। জাতীয় নাট্যশালায় প্রতিদিন সন্ধ্যা সাতটায় টিকিটের বিনিময়ে দর্শকেরা নাটকগুলো দেখতে পাবেন।