আজ পঁয়ত্রিশ পূর্ণ হলো গ্রুপ থিয়েটারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৮০ সালের ২৯ নভেম্বর বাংলাদেশের মঞ্চ নাট্যদলগুলোর সম্মিলিত প্ল্যাটফর্ম হিসেবে গ্রুপ থিয়েটার আন্দোলনকে বিকশিত করার প্রত্যয়ে গঠিত হয়েছিল বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। সংগঠনটির আজ ৩৫ বছর পূর্ণ হলো। এ উপলক্ষে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আজ দিনব্যাপী নানা আয়োজনের উদ্যোগ নিয়েছে।

সংগঠনের বর্তমান মহাসচিব আখতারুজ্জামান প্রথম আলোকে জানিয়েছেন, বিকেল সাড়ে ৪টায় থাকবে আনন্দ শোভাযাত্রা। টিএসসি থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে এসে শেষ হবে এই শোভাযাত্রা। এরপর বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় শুরু হবে আলোচনা সভা। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটারের সাবেক চেয়ারম্যান ও সেক্রেটারি জেনারেল রামেন্দু মজুমদার, নাসির উদ্দীন ইউসুফ, আতাউর রহমান, মামুনুর রশীদ, সারা যাকের, ম. হামিদ, দেব প্রসাদ দেবনাথ ও ঝুনা চৌধুরী। আলোচনা পর্বে সভাপতিত্ব করবেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী।
সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ৪টি নাট্যদল— নাগরিক নাট্য সম্প্রদায়, থিয়েটার বেইলি রোড, আরণ্যক নাট্যদল, ঢাকা থিয়েটার তাদের নাটকের অংশবিশেষ প্রদর্শন করবে।
আখতারুজ্জামান আরও জানিয়েছেন, আগামী বছর ২০১৬ সালে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের তিন যুগ পূর্ণ হবে। এ উপলক্ষে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এ সব কর্মসূচি ‘গ্রুপ থিয়েটার দিবস’ উদ্‌যাপনের মধ্য দিয়ে শুরু হবে।