আজ বিকেলে জাতীয় নাট্যশালায় 'মুজিব মানে মুক্তি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মুজিব মানে মুক্তি’ নাটকের একটি দৃশ্য ফাইল ছবি
‘মুজিব মানে মুক্তি’ নাটকের একটি দৃশ্য ফাইল ছবি

আজ ১৫ আগস্ট, ইতিহাসের বেদনাবিধুর ও বিভীষিকাময় এক দিন আজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী। ১৯৭৫ সালের এই দিন অতি প্রত্যুষে ঘটেছিল ইতিহাসের সেই কলঙ্কজনক ঘটনা। এই দিনটিকে উপলক্ষে করে, বঙ্গবন্ধুকে স্মরণ করে জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে নাটক ‘মুজিব মানে মুক্তি’। বিকেল পাঁচটায় শুরু হবে নাটকটি। লোকনাট্য দল প্রযোজিত আজ এ নাটকের ১০১তম প্রদর্শনী। লিয়াকত আলী লাকীর গ্রন্থনা ও নির্দেশনায় ‘মুজিব মানে মুক্তি’র প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল ২০০৯ সালের ৫ আগস্ট।
বঙ্গবন্ধুর মহান সংগ্রামী জীবনভিত্তিক ঐতিহাসিক নাট্য আখ্যান ‘মুজিব মানে মুক্তি’। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ-পরবর্তী ঘটনাবলিও স্থান পায় নাটকে। ঘটনার বর্ণনার সঙ্গে দেশাত্মবোধক গানের সমন্বয়—জানালেন নির্দেশক লিয়াকত আলী। প্রথম আলোকে তিনি বলেন, আবহমান বাংলার হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি, শোষণ-বঞ্চনা, দ্রোহ ও মুক্তির স্বপ্ন বিনির্মাণ এই নাটকের মূল প্রতিপাদ্য। এতে বাংলাদেশের অভ্যুদয়ের ধারাবাহিক ইতিহাসের সঙ্গে বঙ্গবন্ধুর শৈশব, কৈশোর, যৌবন, সংগ্রামী জীবন ও মহাপ্রয়াণ ক্রমান্বয়ে সন্নিবেশিত হয়েছে। ব্রিটিশবিরোধী আন্দোলন, ২৩ বছরের পাকিস্তানি অপশাসন, একাত্তরের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর সাড়ে তিন বছরে দেশ গঠন এবং তাঁর মহাপ্রয়াণ বর্ণনা করা হয়েছে নাটকে।
নাটকটিতে অভিনয় করেছেন প্রায় ৪০ জন নাট্যকর্মী। মূল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন জিয়াউদ্দিন শিপন। কিশোর বয়সে অঙ্কন এবং শিশু বয়সের চরিত্রে নাভিল অভিনয় করেছেন। বঙ্গবন্ধু ছাড়া কলাকুশলী সবাই কালো পোশাক পরে অভিনয় করেছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি মাসব্যাপী শ্রদ্ধাঞ্জলি ‘শিল্পের আলোয় বঙ্গবন্ধু’ শীর্ষক অনুষ্ঠানমালার আয়োজন করেছে।
অনুষ্ঠানমালার ধারাবাহিকতায় আজ ১৫ আগস্ট সকালে শিল্পকলা একাডেমির পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়া হয়। বিকেল পাঁচটায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘মুজিব মানে মুক্তি’ নাটক মঞ্চায়নের পর থাকছে আলোচনা পর্ব। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে গান ও কবিতা পাঠ।