আজ বিশেষ 'ক্রীতদাসের হাসি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রীতদাসের হাসি নাটকের দৃশ্য
ক্রীতদাসের হাসি নাটকের দৃশ্য

শওকত ওসমানের ক্রীতদাসের হাসি উপন্যাসকে নাটক হিসেবে মঞ্চে এনেছে নাগরিক নাট্যাঙ্গন। এর নাট্যরূপ দিয়েছেন হৃদি হক ও নির্দেশনা দিয়েছেন লাকী ইনাম। আজ একুশে ফেব্রুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এই নাটকেরই একটি বিশেষ প্রদর্শনী হবে।
ক্রীতদাসের হাসি নাটকটি নিয়ে লাকী ইনাম বলেন, ‘আমরা ২১ ফেব্রুয়ারির দিনে হল বরাদ্দ পাওয়ার পরপরই ভেবে দেখলাম, এটি যেহেতু ভাষাসংগ্রামের দিন, তাই সাহিত্যনির্ভর নাটক হিসেবে ক্রীতদাসের হাসি মঞ্চায়ন করাই উচিত হবে। তা ছাড়া বাংলা ভাষার সঙ্গে একটা সংযোজন আছে এই উপন্যাসটির।’ নির্দেশক জানান, এটি দলের ২১তম প্রযোজনা। গত ২ জানুয়ারি শওকত ওসমানের জন্মশতবার্ষিকীতে এর উদ্বোধনী মঞ্চায়ন হয়। এবার হবে এই নাটকের তৃতীয় মঞ্চায়ন।
নাটকটি মঞ্চায়নের আগে অভিনয়শিল্পী সংঘের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দেওয়া হবে নাগরিক নাট্যাঙ্গনের পক্ষ থেকে। এ প্রসঙ্গে লাকী ইনাম বলেন, ‘এবারের কমিটিতে যাঁরা নির্বাচিত হয়েছেন, তাঁদের ৯০ ভাগ মঞ্চের শিল্পী। তাই মঞ্চের একটি দল হিসেবে তাঁদের উত্সাহিত করতেই ফুলেল শুভেচ্ছা দিচ্ছি আমরা।’