আজ বিশ্ব নাট্য দিবস
২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস। ১৯৮২ সাল থেকে মঞ্চশিল্পীরা দিনটি উদ্যাপন করে আসছেন। এবারও হচ্ছে না এর ব্যতিক্রম। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, আইটিআই বাংলাদেশ কেন্দ্র, বাংলাদেশ পথনাটক পরিষদ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী এ বছর উদ্যাপন করতে যাচ্ছে দিনটি।
আজ বিকেল চারটায় বিশ্ব নাট্য দিবসের শোভাযাত্রা বের হবে রাজধানীর টিএসসি থেকে, যেখানে অভিজিৎ রায়কে হত্যা করা হয়েছিল। এটি শেষ হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে গিয়ে। সন্ধ্যা ছয়টায় একাডেমীর জাতীয় নাট্যশালায় থাকবে আলোচনা অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান ও শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
আলোচনা শেষে বিশ্ব নাট্য দিবসের সম্মাননায় ভূষিত করা হবে আসাদুজ্জামান নূরকে। তা ছাড়া অনুষ্ঠানের শেষ অংশে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।